বিদ্যুৎ পরিবাহী সাশ্রয়ী কালি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এই কালি দিয়ে কাগজ বা কাপড়ে কোনো কিছু ছাপার পর সেটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা যাবে। এই উদ্ভাবনের ফলে পরিধানযোগ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ও হূৎপিণ্ডের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহূত যন্ত্রপাতি তৈরিতে নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। গবেষকেরা বলেন, নতুন কালিটি কার্বনের স্বচ্ছ যৌগ গ্রাফিন-ভিত্তিক এবং তুলনামূলক সাশ্রয়ী। আগে এ ধরনের কালি ছিল রুপার মতো দামি ধাতুর ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান কালি মাত্র একবার ব্যবহারযোগ্য বৈদ্যুতিক যন্ত্র (যেমন: বিমানবন্দরে মালপত্র শনাক্তকরণ যন্ত্র বা ট্যাগ, পণ্যের মোড়ক ইত্যাদি) তৈরিতে ব্যবহারে সাশ্রয় হবে। এ ছাড়া গ্রাফিন নমনীয় ও স্বচ্ছ হওয়ায় এটির সাহায্যে তৈরি বৈদ্যুতিক পণ্য পরিবেশবান্ধব হবে। এই কালি ব্যবহার করে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ছোট আকৃতির একটি স্বচ্ছ কি-বোর্ড। টেলিগ্রাফ।