বিধানসভা নির্বাচন তাই সাইবার ক্যাফেতে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ গত সপ্তাহ থেকে কলকাতা শহর ও শহরতলির সব সাইবার ক্যাফের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জারি করেছে কড়া সতর্কবার্তা। এ লক্ষ্যে কলকাতার পুলিশের তরফ থেকে সাত দফা নির্দেশাবলি পাঠানো হয়েছে সাইবার ক্যাফের মালিকদের কাছে। সাইবার ক্যাফের মাধ্যমে যাতে কোনো সন্ত্রাসী বা জঙ্গি আসন্ন নির্বাচনে হুমকি বা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য এই আগাম সতর্কতা। পুলিশের নির্দেশনামায় বলা হয়েছে, সাধারণত পরিচিত লোকজন এবং অন্যদের পরিচয় না পেয়ে কাউকে সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া যাবে না। যাঁরাই ইন্টারনেট ব্যবহার করবেন, তাঁদের নামধাম-পরিচয় জেনে এবং এর সপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রের প্রতিলিপি রেখে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে প্রতিটি সাইবার ক্যাফের মালিকেরা ইন্টারনেট ব্যবহারকারীদের পরিচয় একটি নিবন্ধন খতায় তুলে রাখবেন। কোন কম্পিউটারটি ব্যবহার করা হয়েছে তাও উল্লেখ রাখতে হবে ওই খাতায়। অন্তত ছয় মাস সংরক্ষণ রাখতে হবে এসব তথ্য। নির্দেশনামায় আরও বলা হয়েছে, কারও কথাবার্তা বা আচার-আচরণ বা গতিবিধি সন্দেহজনক হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে স্থানীয় পুলিশকে। —অমর সাহা, কলকাতা