
স্কাইপ ইন্টারনেট প্রটোকলভিত্তিক জনপ্রিয় টেলিযোগাযোগসেবা। এটি দিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিনা মূল্যে কল ও ভিডিও কল করা যায়। আবার লিখিত বার্তা পাঠানোর সুবিধাও এতে আছে। আপনি যদি কারও সঙ্গে স্কাইপ দিয়ে কথা বলতে চান, তাহলে দুজনকেই একই সময়ে স্কাইপে সংযুক্ত (লগ-ইন) থাকতে হবে। আর কথা বলার জন্য মাইক্রোফোন, ভিডিও কলের (সরাসরি দেখে কথা বলতে) জন্য ওয়েবক্যাম এবং সক্রিয় ইন্টারনেট সংযোগ লাগবে। এটি কম্পিউটার এবং স্মার্টফোনেও ব্যবহার করা যায়। www.skype.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে downloads থেকে স্কাইপ নামিয়ে ইনস্টল করে নিন। অ্যাকাউন্ট খুলতে https://login.skype.com/account/signup-form ঠিকানায় গিয়ে নাম, ই-মেইল এবং প্রোফাইলের যাবতীয় তথ্য দিয়ে Skype Name ঘরে একক (ইউনিক) নাম লিখে এখানে থাকা সব ঘর পূরণ করে I agree - Continue চাপুন। কোনো তথ্য ভুল হলে বা বাদ পড়লে স্কাইপ অ্যাকাউন্ট খোলা যাবে না এবং Please Review your Information that you enter বার্তা দেখাবে। অ্যাকাউন্ট খোলা হলে উল্লিখিত ই-মেইল ঠিকানায় গিয়ে তা দেখে নিন। এবার ইনস্টল থাকা স্কাইপ সফটওয়্যার চালু করে Skype Name ঘরে স্কাইপি অ্যাকাউন্টের পরিচিতি ও পাসওয়ার্ড লিখে Sign in করুন। এবার Search ঘরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পরিচিতি বা ই-মেইল ঠিকানা লিখে এন্টার চাপুন। খুঁজে পেলে তার Add contact-এ চেপে পরের পাতায় Send Request চাপলে প্রোফাইলে আপনাকে যোগ করার অনুরোধ চলে যাবে। এখন তিনি অনুরোধ গ্রহণ করলে আপনি যোগ হয়ে যাবে। —মো. রাকিবুল হাসান