
গুগলের নানা জনপ্রিয় সেবার মধ্যে জনপ্রিয় গুগল আর্থ। ঘরে বসেই বিশ্বের বিভিন্ন স্থান দেখার সুযোগ পাওয়া যায় এ সেবা ব্যবহার করে। সাধারণ গুগল আর্থ ব্যবহার বিনা মূল্যে থাকলেও এত দিন গুগল আর্থের উন্নত সংস্করণ ‘গুগল আর্থ প্রো’ কিনে ব্যবহার করতে হতো। এ জন্য ব্যবহারকারীদের খরচ করতে হতো ৪০০ ডলার। এবার গুগল এ সেবাটি বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে।
গুগল জানায়, বিনা মূল্যেই এখন ব্যবহারকারীরা গুগল আর্থের বাড়তি বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিজ্ঞানী ও শৌখিন ভ্রমণবিলাসীরা ভ্রমণ কিংবা বিভিন্ন ধরনের সৌর প্যানেল বসানোর মতো কাজেও গুগল আর্থ প্রো ব্যবহার করছেন। সফটওয়্যারটির উন্নত বৈশিষ্ট্যের সাহায্যে খুব সহজে থ্রিডি বিল্ডিং পরিমাপ, প্রতিবেদন বা উপস্থাপনা থেকে শুরু করে উন্নত রেজল্যুশনের ছবি ছাপানো, হাই ডেফিনেশন চলচ্চিত্র তৈরি ইত্যাদি কাজও করা যায়। গুগল আর্থ প্রোর সাহায্যে কেবল ভার্চুয়াল ভ্রমণই নয়, ট্রাফিক তথ্য ও ভূতাত্ত্বিক বিভিন্ন কাজেও এর সাহায্যে নেওয়া সম্ভব।
সফটওয়্যারটি বিনা মূল্যে পেতে আগে http://goo.gl/gtnfkw ঠিকানা থেকে গুগল আর্থ প্রো নামিয়ে নিন। এর জন্য নির্দিষ্ট সফটওয়্যার কি পেতে চাইলে http://goo.gl/XBfZDV ঠিকানায় অ্যাকাউন্ট করতে হবে। এতে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের তথ্য দিয়ে সফটওয়্যারটি বিনা মূল্যে ব্যবহারের ইউজার নেম ও পাসওয়ার্ড পাওয়া যাবে। সফটওয়্যারটি কম্পিউটারে চালাতে চাইলে কমপক্ষে ২.৪ গিগাহার্টজের পেন্টিয়াম ৪ প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং হার্ডডিস্কে দুই গিগাবাইটের খালি জায়গা লাগবে। পাশাপাশি উইন্ডোজ ব্যবহারকারীদের উইন্ডোজ ৭ বা ৮ থাকলেই সফটওয়্যারটি চলবে। এ ছাড়া অ্যাপলের ম্যাক ওএসএক্স ১০.৬. ৮ বা তার পরবর্তী নতুন সংস্করণ থাকলে চলবে গুগল আর্থ প্রো। —গুগল ম্যাপস ব্লগ ও গিজমোডো অবলম্বনে কাজী আলম