বিনা মূল্যের ওয়াই-ফাই জোন হবে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল সরকার দেশের মানুষকে সহজলভ্য ইন্টারনেট-সেবা দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দেশটিকে একটি বিনা মূল্যের ওয়াই-ফাই জোন হিসেবে তৈরি করার পরিকল্পনা চলছে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

যথেষ্ট অবকাঠামো ও পুঁজির ঘাটতি থাকা সত্ত্বেও দেশটির এই বিশাল পরিকল্পনা আশ্চর্য করার মতো বিষয় বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

ফ্রি ওয়াই-ফাই জোন হিসেবে গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা হিসেবে দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় গত বুধবার একটি টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্স পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। টাস্কফোর্সের প্রতিবেদন পেলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নেপাল টেলিকম অথরিটির সদস্য মহেশ অধিকারীর নেতৃত্বে গঠিত টাস্কফোর্সকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে হিমালয়ের পাদদেশের দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। এই টাস্কফোর্সের মধ্যে রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর, পরিকল্পনা কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।