বিনিয়োগের আশায় বঙ্গ সম্মেলনে বেসিস

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১০ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গ সম্মেলন’ হিসেবে পরিচিতি পাওয়া নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। এই সম্মেলনে সহযোগী হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিস সূত্রে জানা গেছে, বেসিসের সভাপতি শামীম আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বেসিসের সহসভাপতি এম রাশিদুল হাসান ও যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান। বেসিসের সদস্যভুক্ত ৮টি প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নিয়েছে। এগুলো হচ্ছে—ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, রিভেরি করপোরেশন লিমিটেড, সাউথটেক লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, ইউবিক করপোরেশন লিমিটেড, টেকনোলজি সলিউশন লিমিটেড, আর্ক বাংলাদেশ লিমিটেড ও বিয়ন্ড টেকনোলজিস। সম্মেলনে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে বলে জানিয়েছে বেসিস।
বেসিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে আইসিটি খাতে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ে ‘বাংলাদেশ নেক্সট’ স্লোগানকে সামনে রেখে বেসিসের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে এই সম্মেলনে অংশ নিয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ সম্পর্কে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, প্রবাসে বাঙালিদের অন্যতম বড় আয়োজন হলো এই বঙ্গ সম্মেলন। ভারতীয় বাঙালিদের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশি কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সম্মেলনে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস ফোরাম। এই ফোরামে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী করতে বেসিসের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবে।
এই সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে রিহ্যাব, বিজিএমইএ, পর্যটন করপোরেশনের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বলে বেসিস সূত্র জানিয়েছে।