বিনোদন খবর নিয়ে নতুন ওয়েব পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের বিনোদনের খবর প্রচার করার নতুন একটি ওয়েব পোর্টাল চালু হয়েছে। এখানে চলচ্চিত্র, থিয়েটার, ফ্যাশন শো, সংগীত, চিত্রকর্ম, আলোকচিত্র, রূপচর্চাসহ দেশি-বিদেশি তারকাদের খবরাখবর প্রকাশ করা হবে। নতুন এই ওয়েব পোর্টালটির নাম হচ্ছে ফিউশন কাইট ডটকম (www.fusionkite.com)। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিনোদনের এই ওয়েব পোর্টালটির উদ্বোধন করা হয়। এ সময় ফিউশন কাইট ডটকমের নানা দিক নিয়ে কথা বলেন ফিউশন কাইট ডটকমের প্রধান নির্বাহী এ এন এম সামসুদ্দোহা। তিনি বলেন, ‘এই ওয়েব পোর্টালে আমাদের প্রতিবেদকেরা নানা ধরনের বিনোদনের সর্বশেষ খবর পরিবেশন করবেন। এখানে পাঠকেরা বিভিন্ন তারকার সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন। এ ছাড়া এই ওয়েব পোর্টালে নির্বাচনের মাধ্যমে একজন পাঠক ডে উইথ স্টার নামের একটি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এতে সেই পাঠক সারা দিন তাঁর পছন্দের তারকার সঙ্গে দিন কাটাতে পারবেন।’ তিনি আরও বলেন, এই ওয়েব পোর্টালটিতে ইলেকট্রনিক প্রোগ্রামিং গাইড নামের একটি সাইট থাকবে, যেখান থেকে সব টেলিভিশন ও রেডিও চ্যানেলের নানা ধরনের অনুষ্ঠানসূচি জেনে নেওয়ার ব্যবস্থা থাকবে। আবার এই ওয়েব পোর্টালে নিবন্ধন করার মাধ্যমে একজন পাঠক আগে থেকেই তাঁর পছন্দের অনুষ্ঠানের খবর পাবেন ই-মেইলের মাধ্যমে। পরবর্তী সময়ে পাঠকদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এসব খবর দেওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিউশন কাইট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সাইরাস আহমেদ, বিপণন ও জনসংযোগপ্রধান সৈয়দ মোরশেদ শিবলি ও সহসভাপতি ওয়াহিদুজ্জামান।—মোছাব্বের হোসেন