বিপদে আছেন চীনের আইফোন ব্যবহারকারীরা
চীনে ২ লাখ ৫০ হাজারের বেশি আইফোন ব্যবহারকারীর লগ-ইন নাম, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চুরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অ্যাল্টো নেটওয়ার্কস এই চুরির বিষয়টি শনাক্ত করেছে। অনেক আইফোনে সন্দেহজনক কর্মকাণ্ডের তদন্ত করতে গিয়ে এই হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। ‘কি রেইডার’ নামে একটি ম্যালওয়্যার এই হ্যাকিংয়ের কাজটি করেছে। চীন ছাড়াও আরও ১৭টি দেশের আইফোনও এই ম্যালওয়ারের কবলে পড়েছে।
পালো অল্টো এক ব্লগবার্তায় বলেছে, আইফোনে এত বড় হ্যাকিংয়ের ঘটনা এর আগে কখনো ঘটেনি। চুরি যাওয়া তথ্যগুলো কি রেইডার তৈরির পেছনে যাঁরা রয়েছেন, সেই হ্যাকারদের সার্ভারে পাঠানো হয়েছে বলে তারা জানতে পেরেছে। বেশির ভাগ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে জেলব্রোকেন আইফোনগুলোতে। জেলব্রোকেন আইফোন হচ্ছে এমন আইফোন, যার অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা যায়, কিন্তু অ্যাপলের মূল স্টোরে পাওয়া যায় না।
জেলব্রোকেন আইফোনে এটাই প্রথম হ্যাকিংয়ের ঘটনা নয়। আগেও ঘটেছে। নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেক বলেছে, জেলব্রোকেন আইফোনের মালিকেরা একধরনের ঝুঁকির মধ্যে আছে। কারণ, অ্যাপল যেসব অ্যান্টিভাইরাস সফটওয়্যার এতে দিয়েছে, চাইলেই এখানে তা মুছে ফেলা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হুয়াবেই ও সিয়াওমির পর অ্যাপলের আইফোন চীনে সবচেয়ে জনপ্রিয়।
বিবিসি ও টেক ইনসাইডার অবলম্বনে রোকেয়া রহমান