বিপদে ড্রপবক্স ব্যবহারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রপবক্স
ড্রপবক্স

সম্প্রতি প্রায় ৭০ লাখ ড্রপবক্স অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা। দ্য নেক্সট ওয়েব এ তথ্য প্রকাশ করলেও ড্রপবক্স কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের এই অভিযোগ অস্বীকার করেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, থার্ড-পার্টির বিভিন্ন সেবার মাধ্যমে ড্রপবক্সের লগ-ইন তথ্য হাতিয়ে নিয়ে পেস্টবিন নামের একটি সাইটে তথ্য প্রকাশ করেছে হ্যাকাররা। ইতিমধ্যে ৪০০ অ্যাকাউন্টের তথ্য ফাঁস করার পর বিটকয়েনের বিনিময়ে বাকি তথ্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। হ্যাকারদের দাবি, ড্রপবক্স ব্যবহারকারীদের ৬৯ লাখ ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড তাদের কাছে রয়েছে।
এদিকে, এক বিবৃতিতে ড্রপবক্স কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ড্রপবক্স হ্যাক হয়নি। যে ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি হয়েছে দুর্ভাগ্যবশত অন্য কোনো সার্ভিস থেকে চুরি হয়েছে এবং সেগুলো দিয়ে ড্রপবক্স অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছে।
ড্রপবক্সের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এর আগেও এ ধরনের আক্রমণের মুখে পড়েছি। যেসব পাসওয়ার্ডের কথা এখানে বলা হচ্ছে, সেগুলো অনেক পুরোনো। এই পাসওয়ার্ডগুলোর অধিকাংশ মেয়াদোত্তীর্ণ।’
পেস্টবিনে ফাঁস হওয়ার ৪০০ অ্যাকাউন্টের লগইন তথ্য মেয়াদোত্তীর্ণ। কিন্তু বাদবাকি প্রায় ৭০ লাখ অ্যাকাউন্টের লগইন তথ্য যা হ্যাকাররা দাবি করেছে তা নিরাপদ কি না, সেটা পরিষ্কার নয়।

ড্রপবক্সের একজন মুখপাত্র ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন, হ্যাকিংয়ের কবলে পড়া অ্যাকাউন্টগুলোর লগইন তথ্য মেয়াদোত্তীর্ণ দেখায় ড্রপবক্স। কিন্তু সম্প্রতি বেশ কিছু অ্যাকাউন্টকে তা দেখানো হয়নি। তাই এখনো অনেক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে, সম্প্রতি একই ধরনের হ্যাকিংয়ের কবলে পড়েছে স্ন্যাপচ্যাট। মোবাইল ফোনে বিনা মূল্যে এসএমএস আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের অনেক ব্যবহারকারীর প্রায় এক লাখ ছবি চুরি হয়ে যাওয়া নিয়ে চলছে তোলপাড়। হ্যাকার স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি চুরি করে সেই ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়ার পর অনেক ব্যবহারকারীই দুশ্চিন্তায় পড়েছেন।
সাম্প্রতিক সময়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহারকে দায়ী করেছে কর্তৃপক্ষ। তাদের মতে, এ ধরনের অ্যাপস সুরক্ষাব্যবস্থাকে যেমন হুমকির মুখে ফেলে দেয়, তেমনি হ্যাকাররা সহজেই এসব সফটওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করে অনলাইনে ছেড়ে দেওয়ার সুযোগ পায়।