বিপাকে ব্ল্যাকবেরি

লোকসান, কর্মী ছাঁটাইসহ বাজারে পিছিয়ে গিয়ে এখন বিপাকে পড়েছে এক সময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী সাড়ে চার হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। আর্থিক সংকটের মুখোমুখি পড়েই কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। ২০ সেপ্টেম্বর বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জানিয়েছেন, ব্ল্যাকবেরির পরিচালনার খরচ কমাতে এবং নতুন পরিকল্পনা সাজাতে ৪০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। উল্লেখ্য, ব্ল্যাকবেরির বর্তমান কর্মীর সংখ্যা ১২ হাজার ৭০০ জন।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে একসময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্ল্যাকবেরি ওএস নির্ভর ফোন তৈরি করতো রিসার্চ ইন মোশন বা রিম। অ্যান্ড্রয়েড, আইওএসের জনপ্রিয়তার কাছে ক্রমশ পিছিয়ে পড়ে ব্ল্যাকবেরি চলতি বছরে কর্মী ছাঁটাই, নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ‘ব্ল্যাকবেরি’ রেখেছে। ধারণা করা হচ্ছিল, ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ‘জেড১০’ ব্ল্যাকবেরিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তবে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমচালিত জেড ১০ আশানুরূপ বিক্রি করতে পারেনি ব্ল্যাকবেরি।’
থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, বছরের প্রথম ছয় মাসে ২৭ লাখ ইউনিট জেড১০ স্মার্টফোন বিক্রি হয়েছে। এছাড়া স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড, আইওএসের পর উইন্ডোজেরও পেছনে পড়ে গেছে ব্ল্যাকবেরি। স্মার্টফোনের বাজারে ভরাডুবি হওয়ায় আগস্ট মাস পর্যন্ত ৯৫ কোটি থেকে ৯৯ কোটি ৫০ লাখ ডলার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির। এখন খরচ কমাতে বাধ্য হয়ে ব্ল্যাকবেরিকে কর্মী ছাঁটাইয়ে যেতে হচ্ছে।
থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফেরাতে নানা কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নানা রদবদল করা হবে বলেও জানান তিনি।
নতুন পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি ‘জেড৩০’ নামের পাঁচ ইঞ্চি মাপের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। এ স্মার্টফোনটি বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। তবে নানা পরিকল্পনা সত্ত্ব্বেও ব্ল্যাকবেরির শেয়ারের দামে ব্যাপক পতন ঘটেছে। মার্কিন কয়েকজন বাজার বিশ্লেষক বলছেন, ব্ল্যাকবেরির যুগ শেষ হয়ে গেছে। তবে থ্রস্টেন হেইন্স এখনও আশায় বুক বেঁধে আছেন। ব্ল্যাকবেরি আবারও ঘুরে দাঁড়াবে বলেই তাঁর আশা।