বিপিও খাতের পরবর্তী গন্তব্য বাংলাদেশ
তথ্যপ্রযুক্তিভিত্তিক বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কাজের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ। এমনটাই বললেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ‘বিপিও সামিট ২০১৫’-পরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল বুধবার রাজধানীতে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বিপিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। বাংলাদেশের বিপিও ব্যবসার প্রবৃদ্ধি বছরে ১০০ শতাংশের বেশি, যার বর্তমান বাজারমূল্য ১৩ কোটি ডলার।
বিপিও সামিটের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) মহাসচিব তৌহিদ হোসেন বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আমরা দেশের তরুণদের কাছে এই খাতকে একটি কর্মক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের এই খাতের সেক্টরে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আমাদের সক্ষমতার জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বিপিও সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১২টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৪ জন বিশেষজ্ঞ বক্তৃতা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, বাক্যের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ শরীফ প্রমুখ।