বিপিও সম্মেলন শুরু হচ্ছে ৯ ডিসেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিও সম্মেলনের জন্য ডাকা এক সংবাদ সম্মেলনে অতিথিরা।
বিপিও সম্মেলনের জন্য ডাকা এক সংবাদ সম্মেলনে অতিথিরা।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরতে ৯-১০ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে বিপিও সম্মেলন ২০১৫। এ সম্মেলনের উদ্যোক্তা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সচিব শ্যাম সুন্দর শিকদার, বাক্যর সভাপতি আহমাদুল হক ববি, সহসভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, বিশ্বের কাছে বাংলাদেশে প্রযুক্তি বিভিন্ন দিক তুলে ধরার জন্য আগামী ৯-১০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো বিপিও সামিটের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে থেকে তথ্য প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিপিও ক্ষেত্রে অনেক ভালো করছে বাংলাদেশ। সারা দেশে ৫৫৪টি বিপিও সেন্টার স্থাপন করা হবে।
সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, সরকার তথ্য প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তরুণ ও বেকারদের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিক ভাবে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিও সামিটে তরুণদের এই সেক্টর সম্পর্কে একটি ভালো ধারণা দিতে সক্ষম হবে।

বাক্যর সভাপতি আহমাদুল হক বলেন, দুই দিনের এই আয়োজনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশ থেকে প্রযুক্তি ক্ষেত্রে সফল ব্যক্তিদের বাংলাদেশের তরুণদের মাঝে তুলে ধরা হবে। সেমিনারে বিপিও সেক্টরের সাফল্যও তুলে ধরতে হবে।
সম্মেলন প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, সম্মেলনে দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি বক্তা থাকবেন।