বিপিও সম্মেলনের সহযোগী হলো সাত সংগঠন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এবং সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ আয়োজিত ‘বিজনেজ প্রসেস আউটসোর্সিং (বিপিও)’-এর আন্তর্জাতিক সম্মেলনের সহযোগী হয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাত সংগঠন। আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হবে ‘বিপিও সামিট ২০১৫’ নামের এ সম্মেলন। গত বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এ আয়োজনের সহযোগী হিসেবে বাক্যর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), সিটিও ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
চুক্তিপত্রগুলোতে সই করেন বিসিএসের সহসভাপতি মজিবুর রহমান, বেসিসের নির্বাহী পরিচালক সামী আহমেদ, আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, বিডব্লিউআইটির সাধারণ সম্পাদক রেজওয়ানা খান, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ ও বিপিও সামিটের সাংগঠনিক কমিটির সদস্যসচিব আহমাদুল হক।
বিজ্ঞপ্তি