বিপিওতে আছে সম্ভাবনা
বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) অপরিচিত কিছু নয়। তথ্যপ্রযুক্তিনির্ভর কাজের এ ক্ষেত্রটি সম্ভাবনাময়। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড বিপিও ফোরামের ষষ্ঠ সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়ে বিপিও নিয়ে লিখেছেন তথ্যপ্রযুক্তি পেশাজীবী আলতাফ সিদ্দিকী
কিছুই অসম্ভব নয় যদি থাকে প্রচেষ্টা, ধারাবাহিক যোগাযোগ ও সততা। এ সত্যই বোঝা গেছে নিউইয়র্কে ওয়ার্ল্ড বিপিও-আইটিও ফোরামের সম্মেলনে। বিপিও এবং আইটিওর মানে হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং এবং আইটি অফশোরিং (বা আউটসোর্সিং)। একটি প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্র ছোট করে ফেলা বা কর্মী ছাঁটাই কখনো ভালো দৃষ্টান্ত হতে পারে না। কিন্তু আজকের বিশ্বে প্রতিটি প্রতিষ্ঠানেরই ব্যবসার উন্নয়ন ও ব্যয় সংকোচনের জন্য বিভিন্ন উদ্যোগ নিতে হয়। এরই ধারাবাহিক কাজের একটি হলো বিপিও-আইটিও।
কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ বা অর্থ বিভাগের একজন কর্মীকে তাঁর কাজের জন্য যে পারিশ্রমিক দিতে হয়; সে পরিমাণ বা তার চেয়েও কম পারিশ্রমিকে চারজন মিলে আরও বেশি কাজ করে দেওয়া যায় বাংলাদেশে বসে। তবে এটি করতে হবে উন্নত প্রযুক্তির সমন্বয়ে।
সম্মেলনে দেখা বড় বড় করপোরেট প্রতিষ্ঠান, উন্নত দেশের সরকারি ব্যবস্থা ও ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠানগুলো তথ্যপ্রযুক্তি ও সাইবার জগতের ওপর খুবই নির্ভরশীল। এসব প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনা ও গ্রাহকসেবা দেওয়ার বড় চ্যালেঞ্জই হচ্ছে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ও ডেটা আর্কিটেকচারকে নির্ভুলভাবে সাজানো। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নীতিনির্ধারকেরা ব্যয় করে যাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস—কীভাবে একটি আধুনিক, সাশ্রয়ী উপায় বের করা যায়। সে জন্য নিজ দেশের গণ্ডি পেরিয়ে অন্য একটি দেশে ব্যবসায়িক স্থাপনা তৈরিতেও তাঁদের কার্পণ্য নেই। এর একটি উদাহরণ ভারতের বেঙ্গালুরু শহর।
বৈশ্বিক বিপিও-আইটিও মানচিত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? এখন বিশ্বে বিপিওর বাজার আছে ৪৮ হাজার কোটি ডলার। সম্মেলনে ধারণা পাই, সাম্প্রতিক শিল্পসংশ্লিষ্ট প্রতিবেদন নির্দেশনা দিচ্ছে, ৭৩ শতাংশ মাঝারি আকারের প্রতিষ্ঠান তাদের অফশোর (দূর থেকে পরিচালিত) কেন্দ্রগুলোকে আরও সম্প্রসারিত করবে আগামী দেড় থেকে তিন বছরের মধ্যে। বড় প্রতিষ্ঠানগুলো চাইছে এক দেশ থেকে আরেক দেশে তাদের কার্যক্রম সরিয়ে নিতে, যাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে ‘রি-শোরিং’ নামে। আমাদের পাশের দেশ ভারত বিপিওতে জড়িত বেশ অনেক দিন ধরেই। ইন্ডিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন ধারণা করছে, চলতি বছর এর প্রবৃদ্ধি হবে ১১ শতাংশ। রপ্তানি আয় হবে সাড়ে সাত হাজার কোটি ডলারের বেশি। নতুন কর্মসংস্থান হবে এক লাখ ৫০ থেকে এক লাখ ৮০ হাজার মানুষের।
এই যখন বিপিওর চিত্র, তবে কেন নয় বাংলাদেশ? সাম্প্রতিক অনেক গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয় সম্মেলনে। মতামতও দেন বিশ্বের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা। তাঁদের মতে, এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে যাচ্ছে ব্যবসা। যেমন: যে পণ্যের উৎপাদন হতো যুক্তরাষ্ট্রে, এখন তা হচ্ছে চীনে। ইলেকট্রনিকসের বেলায় যেটা হতো জাপানে, সেটা চলে গেল কোরিয়ায়। তৈরি পোশাকশিল্প ছিল চীন ও ভারতে, আর সেটাই এখন বাংলাদেশ করে দিচ্ছে আস্থার সঙ্গে। একই অবস্থা বিপিও-আইটিওর ক্ষেত্রে।
বিশ্বের কাছে বাংলাদেশ এখনো ‘আনট্যাপ’ বাজার। বাংলাদেশের তরুণ প্রজন্ম ও কিছু প্রতিষ্ঠান সাধ্যমতো বাংলাদেশে বসেই উন্নত দেশের ক্রেতাদের কাজ বিপিও বা আইটিওর মাধ্যমে করে দিচ্ছে। ঘরে আনছে বৈদেশিক মুদ্রা। সেটা হতে পারে কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা কনটেন্ট ব্যবস্থাপনার কাজ। আবার হতে পারে মানবসম্পদ বা ফাইন্যান্সিয়াল ব্যাক অফিসের কাজ। আমাদের এই মুহূর্তে প্রয়োজন একতা ও দক্ষতার উদাহরণ বহির্বিশ্বে পৌঁছে দেওয়া।
বিপিও সম্মেলনের বিস্তারিত: www.worldbpoforum.com।