বিবর্তন ঘটছে কৃত্রিম ডিএনএতেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গবেষকেরা সম্প্রতি কৃত্রিম ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) ও রাইবোনিউক্লিক এসিড (আরএনএ) তৈরিতে সাফল্য পেয়েছেন। যুক্তরাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিলের ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজির গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম ডিএনএ জীবকোষের ডিএনএ’র সঙ্গে যোগাযোগ করতে সক্ষম এবং বিবর্তনক্ষম। বিবিসি জানিয়েছে, গবেষকেরা তাদের সাফল্যে ‘সিনথেটিক জেনেটিক্স’ এর উন্নতি দেখতে পাচ্ছেন। গবেষক ফিলিপ হোলিগার ও তাঁর সহকর্মীরা কৃত্রিম এই ডিএনএ ও আরএনএ তৈরি করেছেন। জানা গেছে, গবেষকেরা ছয়টি কৃত্রিম অণু তৈরিতে সফল হয়েছেন। এই অণুগুলোর নাম দিয়েছেন জেনো নিউক্লিক এসিড বা এক্সএনএ। এক্সএনএ অণুগুলো জীবকোষের ডিএনএন-এর মত বিভাজিত হতে পারে এবং জীবকোষের ডিএনএ’র সঙ্গে বিবর্তন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম।সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফলাফলে বংশগতি রক্ষায় ডিএনএ ও আরএনএ বিবর্তনের মাধ্যমে তথ্য স্থানান্তরের পদ্ধতিটির অপরিহার্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গবেষকেরা। গবেষকরা ধারণা করছেন, পৃথিবী ছাড়াও অন্য কোথাও যদি প্রাণের বিস্তার ঘটে, সেখানে বিবর্তন অবশ্যই হবে তবে সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতিটি একরকম নাও হতে পারে। উল্লেখ্য, জীবকোষের ডিএনএতেই দেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের যাবতীয় জিনগত নির্দেশনা থাকে, যা বিবর্তনের ধারার অংশ। সিনথেটিক ডিএনএ ব্যবহার করে উন্নত প্রাণ তৈরির বিষয়ে আশাবাদী গবেষকরা।