
পত্রিকায় ছাপা হয়েছে একটি চাকরির বিজ্ঞাপন: এই প্রতিষ্ঠানে উচ্চ বেতনে একজন জ্যোতিষী নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে কোথায়, কখন, কার সঙ্গে দেখা করতে হবে, তা নিশ্চয় তাঁর জানা আছে!
শিক্ষক: বল তো পল্টু, ঘোড়ার মাথা উত্তর দিকে থাকলে লেজ কোন দিকে?
পল্টু: দক্ষিণ দিকে।
শিক্ষক: হয়নি। নিচের দিকে।
শিয়াল যাচ্ছিল বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখল, রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে। শিয়াল বলল, ‘হুজুর, রাস্তার ওপর বসে আছেন যে? কোনো তকলিফ? থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির।’
বাঘ বলল, ‘আর বোলো না শেয়াল, এক শিকারি পায়ে গুলি করেছে। হাঁটতেই পারছি না।’
শিয়াল: তো ব্যাটা নবাবের মতো রাস্তার মাঝখানে বইসা আছিস ক্যান? রাস্তা ছাড়!
শার্লক হোমস: আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, তাই না?
মক্কেল: হুঁ।
শার্লক হোমস: আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তাই তো?
মক্কেল: হুঁ! কিন্তু আপনি এত কিছু বুঝলেন কী করে?
শার্লক হোমস: কারণ, আপনার মাথায় ভাঙা ফুলদানির টুকরা দেখা যাচ্ছে!
হাইওয়েতে জলিল সাহেবের গাড়ি আটক করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্ট ধমক দিয়ে বললেন, ‘ব্যাপার কী? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন?’
জলিল: রাস্তার শুরুতে দেখলাম, ওপরে বড় করে লেখা ২০। ভাবলাম, এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০। তাই...
সার্জেন্ট: ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পেছনের সিটে বসা দুজন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁতকপাটি লাগার দশা। ঘটনা কী?
জলিল: না মানে, একটু আগে ২১২ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!
শিক্ষক: রতন, পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো।
রতন: ব্যাঙ।
শিক্ষক: আর বাকি চারটা?
রতন: ব্যাঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।
কর্মচারী: স্যার, একটা দিন ছুটি চাই।
বস: কেন? আবার কী?
কর্মচারী: স্যার, আমার দাদা...
বস: আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ।
কর্মচারী: স্যার, এবার আমার দাদার বিয়ে!