
মাঝরাতে সরদারজির ফোন এল ডাক্তারের কাছে।
সরদারজি: ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
ডাক্তার: উফ্, মাঝরাতে উল্টাপাল্টা কথা বলে বিরক্ত করবেন না। ঘুমান।
একটু পর আবার সরদারজির ফোন।
সরদারজি: ডাক্তার সাহেব, অ্যাপেন্ডিক্সের ব্যথায় আমার স্ত্রী ঘুমাতে পারছে না।
ডাক্তার: আরে বোকা, গত বছর যখন ব্যথা হলো, আমি নিজে অপারেশন করে আপনার স্ত্রীর অ্যাপেন্ডিক্স ফেলে দিয়েছি। একজন মানুষের দুটা অ্যাপেন্ডিক্স হয়, কখনো শুনিনি।
সরদারজি: কিন্তু একজন মানুষের দুটো স্ত্রীর কথা নিশ্চয় শুনেছেন।
চিকিৎসা শেষ হওয়ার পর রোগী বলছে ডাক্তারকে।
রোগী: আপনি আমার যে উপকার করলেন, ফি দিয়ে আমি আপনাকে লজ্জিত করতে চাই না। কিন্তু সম্পত্তির উইলে আমি আপনার জন্য যা রেখে যাচ্ছি, আমার মৃত্যুর পর আপনি নিশ্চয়ই হেসেখেলে জীবনটা কাটিয়ে দিতে পারবেন।
ডাক্তার: মাফ করবেন, আপনার প্রেসক্রিপশনটা একটু দেবেন? ওখানে আমি কিছু পরিবর্তন আনতে চাই!
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল এক তরুণ আর এক তরুণী।
তরুণ: বাহ্, লিপস্টিকের রংটা বেশ।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: কানের দুলটাও খুব সুন্দর।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: হাতের চুড়িগুলো খুব মানিয়েছে।
তরুণী: ধন্যবাদ ভাইয়া।
তরুণ: বলছিলাম, তবু আপনাকে দেখতে একেবারেই ভালো দেখাচ্ছে না!
বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!
অফিসে সিদ্দিক সাহেবের প্রথম দিন।
বস: আমাদের অফিসে একটি ব্যাপারে আমরা খুবই গুরুত্ব দিই, তা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। তুমি নিশ্চয়ই আমার ঘরে ঢোকার আগে পাপোশে জুতা মুছে ঢুকেছ?
সিদ্দিক: অবশ্যই স্যার।
বস: আরেকটি ব্যাপারে আমরা আরও বেশি কঠোর। তা হলো সততা। দরজার বাইরে কোনো পাপোশ নেই, ইডিয়ট!