বিবিসির নেটওয়ার্কে ইরান থেকে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসির কম্পিউটার নেটওয়ার্কে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিবিসির ফারসি সার্ভিসে বিঘ্ন ঘটানোর জন্য ইরান থেকে এ হামলা চালানো হয়েছে। বিবিসির মহাপরিচালক মার্ক থম্পসন এক সংবাদ সম্মেলনে বলেন, এমন একসময়ে এ সাইবার হামলার ঘটনা ঘটল, যখন ফারসি সার্ভিসসহ দুটি সার্ভিস প্রায় অচল হয়ে পড়ে। তাই ধারণা করা হচ্ছে, ইরান থেকে এ সাইবার হামলা চালানো হয়েছে। মার্ক থম্পসন কয়েক দিন আগে একটি ব্লগ প্রকাশ করেন। তাতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি বিবিসির ফারসি টিভিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক টিভি স্টেশনের সম্প্রচারে বিঘ্ন ঘটে। এ কারণে ইরানি জনগণ গুরুত্বপূর্ণ এ চ্যানেলটি দেখতে পারেনি। এ জন্য ইরানি হ্যাকাররা দায়ী বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসও ইরানের সাইবার সেনাবাহিনীর ব্যাপারে অভিযোগ করেছে। ‘এনিমিজ অফ ইন্টারনেট’ শীর্ষক একটি প্রতিবেদনে রিপোর্টার্স উইদাউট বর্ডারস এ অভিযোগ করেছে। গত সপ্তাহের শুরুতে প্রতিবেদনটি প্রকাশিত হয়। ১ মার্চ বিবিসির ফারসি সার্ভিসসহ বেশ কয়েকটি সার্ভিসে প্রবেশ করা যায়নি। তবে এ ব্যাপারে বিবিসির মুখপাত্র বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করতে পারেননি। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান