বিভিন্ন সেবা দিতে একসঙ্গে কাজ করবে সরকার ও ডিনেট
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেটের তথ্যকল্যাণী, আপনজন উদ্যোগকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থার অংশগ্রহণে বর্ধিত করা হবে। পাশাপাশি বিভিন্ন মডেলের প্রচার করা হবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ল্যাবের সহযোগিতায়। এসবের জন্য একসঙ্গে কাজ করবে আইসিটি বিভাগ এবং বেসরকারি সংস্থা ডিনেট। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার রাজধানীর বিসিসি ভবনে আইসিটি বিভাগ ও ডিনেটের মধ্যে চুক্তি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘এখন থেকে ডিনেট আমাদের সরকারি বিভিন্ন সেবা নিয়ে কাজ করবে। এর মধ্যে সামাজিক উন্নয়নের অংশ হিসেবে দারিদ্র্য দূরীকরণের জন্য স্থানীয় পর্যায়ে তথ্যসেবাকেন্দ্র, স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, মোবাইল ফোনের মাধ্যমে মাতৃস্বাস্থ্যসেবা এবং গ্রামীণ শিক্ষিত নারীদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে যৌথভাবে কাজ করবে ডিনেট ও আইসিটি বিভাগ।
চুক্তি অনুযায়ী তথ্যপ্রযুক্তি খাতে সেবাদাতাদের দক্ষতা উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল অনুসারে সরকারের সঙ্গে কিছু প্রকল্প, পরিকল্পনা ও বাস্তবায়ন করা এবং আইসিটি খাত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য নিয়ে দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে। অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান উপস্থিত ছিলেন।