ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও অর্জন বিষয়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েকদিনে শেরপুর, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হাকিমপুরে ‘ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন-২০১১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নাসিরুজ্জামান। মূল প্রবন্ধ পড়েন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আকবর আলী। বক্তৃতা করেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, কলেজ শিক্ষক শিব শংকর কারুয়া প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার দেখানো হয়। সেমিনারে জেলা প্রশাসক প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এসএমএসের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানান। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন। বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে, যাতে প্রযুক্তিগত তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। ই-মেইল বা ইন্টারনেট ব্যবহার যত বেশি হবে, মানুষ তত বেশি জানতে পারবে। সরকার ইতিমধ্যে ১০ থেকে ১৫ হাজার টাকায় ল্যাপটপ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীনুর রেজা ও পারুল নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দীনসহ অনেকে বক্তৃতা করেন। একইরকম সেমিনার গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা মিলনায়তনে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, ভাইজ চেয়ারম্যান রবিউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, বিএমআই অধ্যক্ষ আব্দুল কাদের, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা সলিমুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা বেগম প্রমুখ। সেমিনারে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার লেখা দশ দিনে কম্পিউটার শিক্ষা বিনামুল্যে প্রদান করা হয়। —শেরপুর, হাকিমপুর (দিনাজপুর) ও নীলফামারী প্রতিনিধি