
বাবা ছিলেন বিমা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন ব্যস্থাপনা পরিচালক৷ আজ বাবার সেই চেয়ারে বসেছেন মেয়ে৷ শুনে মনে হতে পারে, এ তো সহজই৷ কিন্তু ফারজানা চৌধুরীর গল্পটা একটু অন্যরকম৷ নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি আজ গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক৷ শুধু তাই নয়, বিমা বা ইনস্যুরেন্স ব্যবসায় বাংলাদেশের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক তিনি৷ আর তাঁর বাবা নাসির এ চৌধুরী এখন গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির উপদেষ্টা হিসেবে আছেন৷
ঢাকার মহাখালীতে গ্রীন ডেলটা লিমিটেডের কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে৷ কথা ফাঁকেই চালিয়ে যাচ্ছিলেন অফিসের কাজ৷ প্রথমেই বললেন, ‘অফিসে বাবাকে কিন্তু স্যার ডাকি আমি৷ বাবাও আমাকে মেয়ের চোখে দেখেন না অফিসে৷ বরং আমাকে অন্যদের চেয়ে আমার কাজের সমালোচনা করেন বেশি৷’
কাজ ছাড়া যে কিছুই বোঝেন না ফারজানা চৌধুরী৷ এটি তাঁর কাজের বিবরণ শুনলে বোঝা যায়৷ জীবনের বিভিন্ন বাঁকে তাঁর মনের ইচ্ছাও পরিবর্তন হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে ভর্তি হওয়ার পর ভেবেছিলেন ব্যাংক কর্মকর্তা হবেন৷ কিন্তু বিমা প্রতিষ্ঠানে কাজ করবেন এমনটা কখনো ভাবেননি৷
স্নাতক হওয়ার পর ব্র্যাকে যোগ দেন৷ তৃণমূলের মানুষের উন্নয়নের জন্য কাজ শুরু করেন৷ এভাবে কেটে যায় পাঁচ বছর৷ এর মধ্যে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন৷
দুই বছর পর দেশে ফিরে আবার যোগ দেন ব্র্যাকেই৷ এর কিছুদিন পর তিনি যোগ দিলেন ব্র্যাক ব্যাংকে৷ তাঁকে একদম নতুন একটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়৷ ‘সব সময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করতাম৷ ব্র্যাক ব্যাংকের এমএমই বিভাগের প্রধান হিসেবে যখন দায়িত্ব পেলাম, ভাবলাম আবার নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে৷ নতুন নতুন আইডিয়া বের করেছি৷ অনেক নারী যুক্ত হলেন এর সঙ্গে৷’ এই পদে সাত বছর কাজ করেন ফারজানা৷
তাহলে হঠাৎ করে বাবার প্রতিষ্ঠানে কেন? ‘আমি যখন ব্র্যাক ব্যাংকে কাজ করতাম, তখন তাঁদের অনুমতি নিয়ে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলাম৷ এখানকার ঊর্ধ্বতন পদে জনবল প্রয়োজন পড়ল, সে সময় বোর্ডের অন্যরা বললেন ওখানে যোগ দিতে৷ একটু দ্বিধা থাকলেও নতুন চ্যালেঞ্জ হিসেবে এটিও নিয়ে নিলাম৷’
বিমা ব্যবসা বোঝার জন্য ফারজানা মালয়েশিয়ায় ইনস্যুরেন্স ইনস্টিটিউট এবং সিআইআই থেকে ডিপ্লোমা কোর্স করেন৷ যদিও বাড়িতে বাবা ছিলেন, তবুও এ বিষয়ে কেউ কোনোদিন তাঁর দিকে যেন আঙুল তুলতে না পারে সে জন্যই পেশাদারি ডিগ্রি নেওয়া৷ প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকার পরও চারপাশ থেকে নানা মন্তব্য যে শুনতে হয়নি তা নয়৷ অনেকে ভেবেছেন, এই মেয়ে কী পারবে এত বড় দায়িত্ব নিতে? এসব কথাকে অনুপ্রেরণা ভেবে তিনি এগিয়ে চলেছেন৷
ফারজানা চৌধুরীর মতে, দেশের বিমা খাতের ঊর্ধ্বতন পদে আরও অনেক নারীকে আসতে হবে৷ তাহলে বিমা নিয়ে অনেকের মনে যে নেতিবাচক ধারণা আছে, তা কমে যাবে৷
তিনি মনে করেন, প্রতিষ্ঠানের ভালোর জন্য নারী-পুরুষ কর্মীর উভয়ই সমান থাকতে হবে৷ তবে নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের থেকে সৎ ও নিষ্ঠাবান৷
বিয়ের আগে মা-বাবার পূর্ণ সমর্থন পেয়েছেন সবকিছুতে৷ িবয়ের পরও তেমন পান স্বামীর কাছ থেকে৷ স্বামী নিজেও ব্যবসায়ী৷ ‘পরিবারের সমর্থন ও সহযোগিতা একটা মেয়ের এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার৷ অনেক মন্তব্য, অনেক চড়াই-উতরাই মেয়েরা পাড়ি দিতে পারে, যদি পরিবার পাশে থাকে৷ কাজের ক্ষেত্রে আমারও মাঝমধ্যে বিব্রতকর পরিস্থিতি, খারাপ সময় এসেছে৷ তখন চোখ বন্ধ করে পরিবারের মানুষদের কথা ভেবেছি৷ সব সমস্যার সমাধান পেয়েছি৷’ বলেন ফারজানা৷
নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে৷ নারীকণ্ঠ ফাউন্ডেশন থেকে পেয়েছেন ‘বেগম রোকেয়া’ পুরস্কার৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো, যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বের নেতৃত্বদানকারী নারীদের নিয়ে অনুষ্ঠান ‘ইন্টারন্যাশনাল উইমেন লিডারশিপ মনিটরিং প্রোগ্রাম ২০০৬’৷ এখানে তাঁকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়৷
ফারজানা চৌধুরী মনে করেন, নারীদের ক্ষমতায়িত হতে হলে তাঁকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে৷
তাই তো তাঁর প্রতিষ্ঠান শুধু নারীদের জন্য ‘নিবেদিতা’ নামে বিশেষ একটি বিমা চালু করেছে৷ এর মধ্যে সাড়াও পাচ্ছেন৷ ফারজানা চৌধুরী বলেন, ‘আমাদের দেশের মানুষেরা বিমা বিষয়ে সচেতন না৷ এই সচেতনতা বাড়াতে হবে৷ তবে বিমা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও সচেতন থাকতে হবে গ্রাহকসেবা বিষয়ে৷ ইনস্যুরেন্স ব্যবসায় সফল হওয়ার একটাই মূলমন্ত্র—গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করা৷’
ফারজানা চৌধুরী এগিয়ে যান…তার পথ ধরে আরও অনেক নারী হাঁটবেন৷ এমনটা প্রত্যাশা সবার৷
নারীদের জন্য নিবেদিতা
বািড়তে নানা ধরনের গৃহস্থালি জিনিসপত্র থাকে৷ এসবেরও যে ইনস্যুরেন্স করা যেতে পারে, তা আমরা অনেকেই জানি না৷ গ্রীন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড শুধু নারীদের জন্য এনেছে বিশেষ একটি ইনস্যুরেন্স৷ এখানে ১৮ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো নারী অংশ নিতে পারবেন৷
যেকোনো দুর্ঘটনা বা দুর্ঘটনায় মৃত্যু হলে এই বিমা তাঁরা পাবেন৷ বছরে ৫৮০ টাকা দিয়ে আপনি এক লাখ টাকার এই বিমা করতে পারবেন৷ আবার দুই লাখ টাকার জন্য জমা দিতে হবে ১১৬০ টাকা, তিন লাখের জন্য ১৭৪০ টাকা, চার লাখের জন্য ২৩২০, পাঁচ লাখের জন্য ২৯০০, ছয় লাখের জন্য ৩৪৮০ টাকা, সাত লাখের জন্য ৪০৬০ টাকা, আট লাখের জন্য ৪৬৪০, নয় লাখের জন্য ৫২২০ ও ১০ লাখের জন্য ৫৮০০ টাকা দিতে হবে৷
ইনস্যুরেন্সের আবেদনপত্র জমা দেওয়ার সময় দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও কাবিননামার ফটোকপি লাগবে৷