বিমান দুর্ঘটনায় মাইক্রন সিইওর মৃত্যু
র্যাম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) স্টিভ অ্যাপলটন গতকাল শুক্রবার এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুর সময় অ্যাপলটনের বয়স হয়েছিল ৫১ বছর।স্টিভ অ্যাপলটন একজন পেশাদার বৈমানিক ছিলেন। দুর্ঘটনার সময় অ্যাপলটন নিজেই এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি চালাচ্ছিলেন। বয়িস এয়ারপোর্ট থেকে বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই হঠাত্ করে তাতে আগুন ধরে যায়। উল্লেখ্য, ২০০৪ সালেও একবার বিমান দুর্ঘটনার শিকার হয়েছিলেন অ্যাপলটন। সেবার মারাত্মক জখম হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। জেট ও প্রপেলার-চালিত বিমান চালানোর পেশাদার লাইসেন্স ছিল তাঁর।কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মাইক্রন যাত্রা শুরু করেছিল ১৯৭৮ সালে। প্রথমে সেমিকন্ডাক্টর কনসালটিং ফার্ম হিসেবে মাইক্রনের ব্যবসা শুরু হলেও পরে ‘ডিআরএএম’ চিপ তৈরি শুরু করে মাইক্রন। ডিআরএএমের আরেকটি পরিচয় হচ্ছে ‘র্যাম’ হিসেবে। ১৯৮৩ সালে স্নাতক শেষ করে মাইক্রোনে যোগ দিয়েছিলেন স্টিভ অ্যাপলটন। তিনি কাজ করতেন মাইক্রন পণ্যের প্রোডাকশন বিভাগে। পরে প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পান। ক্রমে মাইক্রনের ভাইস প্রেসিডেন্ট পদেও উন্নীত হন। ১৯৯০ সালে মাইক্রন ব্যান্ডের কম্পিউটার তৈরি শুরু করে প্রতিষ্ঠানটি। ১৯৯১ সালে তিনি চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে দায়িত্ব নেন। ১৯৯৪ সালে অ্যাপলটন মাইক্রনের সিইও এবং প্রেসিডেন্ট হন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের রবার্ট এন নস পুরস্কার পেয়েছিলেন স্টিভ অ্যাপলটন।অ্যাপলটনের অধীনে ইন্টারনেট ব্যবসার প্রসার ঘটাতে সমর্থ হয় মাইক্রন। তবে র্যাম ব্যবসাই মাইক্রনের মূল ব্যবসা। বাজার বিশ্লেষকদের মতে, ডিআরএএম বাজারে মাইক্রনের অবস্থান বর্তমান বিশ্বে চতুর্থ। অ্যাপলটনের মৃত্যুর পর মাইক্রনের বর্তমান সিওও মার্ক ডারকান সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।