বিমানে চালু রাখতে হবে ইলেকট্রনিক যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রগামী সব বিমানের যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটারসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রগুলো চালু রেখে বিমানে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।লন্ডনের হিথ্রো এবং ম্যানচেস্টার বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে। বিশেষ করে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সেসব যন্ত্র যাত্রীদের বহন করতে দেওয়া হবে না।
ইয়েমেনভিত্তিক আল কায়েদা ও সিরিয়ার আল নুসরা ফ্রন্টের সন্ত্রসী হামলার আশঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কিছু সন্দেহভাজন বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে মোবাইল ফোন ও ইলেকট্রনিক যন্ত্র বহনের ক্ষেত্রে সেসবে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে হবে। ফ্লাইটে যাওয়ার আগে এসব যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে অথবা অপর্যাপ্ত চার্জ থাকলে তা ফ্লাইটে বহনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ল্যানকোপের প্রধান কারিগরি কর্মকর্তা টিকে কেয়ানিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি উপায় মাত্র। এর মাধ্যমে আশা করা যায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
যেসব যন্ত্র চালুর নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে ল্যাপটপের মতো যন্ত্রগুলোও রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আইফোন ও সগ্যালাক্সি স্মার্টফোনগুলো ভালোভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।
—বিবিসি অবলম্বনে কাজী আলম