বিয়ে করলেন ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ১ জুন বাগদত্তা আলেকজান্দ্রা লিনাসকে বিয়ে করেছেন ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট ও ন্যাপস্টারের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কোটিপতি প্রযুক্তি-উদ্যোক্তা শন পার্কার। শন ও লিনাস দম্পতির এক প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী পার্কারের বিয়েতে ৩০০ জনেরও বেশি আমন্ত্রিত উপস্থিত ছিলেন। কোটিপতি এ দম্পতি বিয়েতে খরচও করেছেন ঢের। বিয়ের অনুষ্ঠান হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক নামকরা হোটেলে। বিয়েতে উপস্থিত ছিল শন ও লিনাস দম্পতির শিশুকন্যা ‘উইন্টার’। বিয়েতে এ দম্পতি পরেছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার এনজিলা ডিকসনের নকশা করা পোশাক। এ বিয়ে সিলিকন ভ্যালির সবচেয়ে খরচে বিয়ে বলেই ধারণা করা হচ্ছে।ফোর্বস ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২০০ কোটি মার্কিন ডলার আর্থিক মূল্যের সম্পদের মালিক শন পার্কার। ২০০৪ সালে ফেসবুকে বিনিয়োগ করেন তিনি এবং ফেসবুক গড়ে তুলতে জাকারবার্গকে সহায়তা করেন। সেসময় তিনি ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অবশ্য ২০০৫ সালেই তিনি ফেসবুক ছেড়ে দেন। পার্কার বর্তমানে উদ্যোক্তা প্রতিষ্ঠান ফাউন্ডার্স ফান্ডের পরিচালনা সহযোগী হিসেবে কাজ করছেন।২০১০ সালে ফেসবুক তৈরির কাহিনি নিয়ে তৈরি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটিতে শন পার্কারের চরিত্রে অভিনয় করেছিলেন জাস্টিন টিম্বারলেক। তবে এ চলচ্চিত্রটিতে শন পার্কারকে যে ভূমিকায় দেখানো হয়েছে তা পুরোপুরি কাল্পনিক বলেই জানিয়ে আসছেন শন। ফেসবুক ছাড়াও ১৯৯৯ সালে মিউজিক শেয়ারিং ওয়েবসাইট ন্যাপস্টারের যৌথ প্রতিষ্ঠাতা ছিলেন শন। এসময় তাঁর বয়স ছিল ১৯ বছর। ২০০১ সালে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে ন্যাপস্টার বন্ধ হয়ে যায়। বর্তমানে স্পোর্টিফাই নামে মিউজিক শেয়ারিং ওয়েবসাইটের সঙ্গেও জড়িত আছেন শন।