
ভেবে দেখুন, চলছে বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিরা সেজেগুজে বসে আছেন। নেমন্তন্ন ছাড়াই হঠাৎ সেখানে হাজির বিশালাকৃতির এক ডায়নোসর। বর-কনেসহ অতিথিরা সব পড়িমরি করে দে ছুট! হলিউডি সিনেমার কল্যাণে এমন দৃশ্য কল্পনা করতে খুব একটা বেগ পেতে হয় না। তবে এই ছবি কোনো সিনেমার দৃশ্য নয়। ডায়নোসরটা ফটোশপের কারসাজি হলেও বিয়েটা সত্যি। বিয়েবাড়িতে বর-কনেকে ঘিরে অতিথিরা হাসিমুখে দাঁড়াবেন, আলোকচিত্রী বলবেন ‘স্মাইল’—এমনটাই হওয়ার কথা। ব্যতিক্রমধর্মী এই ছবি তোলার বুদ্ধিটা মাথায় এসেছে আলোকচিত্রী কুইন মিলারের মাথা থেকে। ‘আপনারা সবাই পড়িমরি করে ছুটবেন। সবার চেহারায় সত্যিকারের ভয় দেখতে চাই, যেন সত্যিই একটা ডায়নোসর তাড়া করছে আপনাদের!’ স্মাইলের বদলে এই ছিল মিলারের নির্দেশনা। ওয়েডিং ফটোগ্রাফারদের এবার বোধ হয় একটু নড়েচড়ে বসার সময় হলো! ডিমিল্কড
কি-বোর্ড কলা
জে সিলভার ও এরিক রোসেনবাম—এমআইটির দুই শিক্ষার্থীর মাথা থেকে বেরিয়েছে এই আজব আইডিয়া। কলা দিয়ে কম্পিউটারের কি-বোর্ড তৈরি করেছেন তাঁরা। যেকোনো ফল থেকে শুরু করে মানবদেহ পর্যন্ত যেকোনো কিছুকেই নাকি এই দুই বন্ধু কি-বোর্ডে রূপান্তর করতে পারেন। নতুন এই আবিষ্কারকে তাঁরা নাম দিয়েছেন ‘ম্যাকে ম্যাকে’। ইউএসবি কেবেলর মাধ্যমে চাইলে এই কলার কি-বোর্ড আপনার কম্পিউটারে সংযুক্ত করতে পারেন। বিবিসি নিউজ।
