বিরান গুগল প্লাসে বসন্ত আসছে!
গুগল প্লাসকে অনেক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষকেরাই ‘ঘোস্ট টাউন’, ‘বিরানভূমি’, ‘আলাস্কা’ আখ্যা দিয়েছেন। কারণ, এ সাইটটির ব্যবহারকারীর সংখ্যা সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, টুইটারের তুলনায় নিতান্তই কম। তবে স্বল্প ব্যবহারকারীর এ বিরান ভূমিতেও নাকি অল্প অল্প প্রাণ জাগছে! গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ তাঁর ব্লগে সম্প্রতি এ তথ্য দিয়েছেন। ল্যারি পেজের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, প্রতি মাসেই বাড়ছে গুগল প্লাস ব্যবহারকারী। জানা গেছে, এ বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে ২৭ শতাংশ বেশি ব্যবহারকারীর ক্লিক পড়েছে গুগল প্লাসে। গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা নিয়ে বিশ্লেষণ করেছে এক্সপেরিয়ান হিটওয়াইজ নামের একটি তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান। হিটওয়াইজের তথ্য অনুসারে, গুগল প্লাস ১০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। গুগলের প্রধান নির্বাহী এক ব্লগ পোস্টে ১০ কেটি সক্রিয় ব্যবহারকারীর তথ্য উল্লেখ করে তার সন্তুষ্টির কথা জানিয়েছেন। উল্লেখ্য, ব্যবহারকারীর হিসেবে ফেসবুকের থেকে অনেক পিছিয়ে রয়েছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই নতুন গুগল প্লাস। বর্তমানে ফেসবুকে প্রায় ৮৫ কোটি ব্যবহারকারী রয়েছে। গুগল প্লাসকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইতিমধ্যে এ সাইটটির সঙ্গে গুগলের সার্চ, ইউটিউব ভিডিও এবং গুগলের অন্যান্য অনেক সার্ভিস জুড়ে দিয়েছে। বিশ্লেষকেরা ধারণা করছেন গুগল প্লাসের বিরান ভূমিতে হয়তো শিগগিরই বসন্ত আসবে।