বিরূপ আবহাওয়ার দায় মানুষের

গ্রীষ্মকালে কোনো কোনো দিন তাপমাত্রা একেবারেই অসহনীয় পর্যায়ে চলে যায়। আর সেই দিনগুলো তপ্ত হওয়ার জন্য দায়ী কারণগুলোর চার ভাগের তিন ভাগই মানুষের তৈরি। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের প্রতি পাঁচটি দিনের মধ্যে একটির দায় মানুষের ওপর চাপানো যেতে পারে। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী এ কথা জানিয়েছেন।
মানুষের বিভিন্ন কাজকর্ম জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই বৈশ্বিক উষ্ণতার জন্য কিছু কিছু ক্ষেত্রে মানুষের তৈরি কারণগুলোই বেশি দায়ী। কার্বন ডাই-অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত নির্গমনে বিশ্বের আবহাওয়ায় প্রতিক্রিয়ার তথ্য-উপাত্ত যাচাইয়ের ভিত্তিতে বিজ্ঞানীরা একটি গবেষণা চালান। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পায়। জুরিখ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ২৫টি কম্পিউটার মডেল ব্যবহার করে ১৯০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বৈশ্বিক জলবায়ুর ধরন বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, দৈনন্দিন মাত্রাতিরিক্ত তাপমাত্রার ৭৫ শতাংশ এবং ভারী বৃষ্টিপাত বা তুষারপাতের ১৮ শতাংশের জন্য মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দায়ী। তাদের এসব কাজ গত শতাব্দীতে বিশ্বের গড় তাপমাত্রা দশমিক ৮৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে অবদান রেখেছে।
নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটির প্রধান গবেষক এরিক ফিশার এবং তাঁর সহযোগী রেটো নাট ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বের নানা জায়গায় সবচেয়ে ব্যতিক্রমী এবং সবচেয়ে বেশি অসহনীয় উষ্ণ বা বর্ষণমুখর দিনগুলো বায়ুমণ্ডলে বাড়তি কার্বন ডাই-অক্সাইড যুক্ত হওয়ার কারণেই দেখা দেয়।
ফিশার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ায় একক কোনো পরিবর্তন বা বিপর্যয় ঘটে না। তবে বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে অতিরিক্ত তপ্ত দিন অথবা তীব্র বর্ষণমুখরতা দেখা দিতে পারে।
ওই দুই বিজ্ঞানী ভবিষ্যদ্বাণী করেন, বৈশ্বিক গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি (বিজ্ঞানীদের নির্ধারণ করা সর্বোচ্চ ‘নিরাপদ মাত্রা’) পেলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে আবহাওয়ার অসহনীয় অবস্থা ৭৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৯৬ শতাংশে পৌঁছে যেতে পারে। আর অতিরিক্ত বৃষ্টিপাতের প্রবণতা ১৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
যুক্তরাজ্যের জলবায়ু গবেষণাপ্রতিষ্ঠান মেট অফিস হলিডে সেন্টারের বিশেষজ্ঞ পিটার স্কট বলেন, জলবায়ু পরিবর্তনের নেপথ্যে মানুষের কাজকর্মের প্রভাব প্রতিবছর বাড়ছে। কিন্তু আবহাওয়ায় উষ্ণতা, আর্দ্রতা ও শীতলতার তীব্রতা কতটা বাড়বে—এখন পর্যন্ত সেসব বিষয় মূল্যায়নের ঘাটতি রয়েছে।
নেচার ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত আরেক নিবন্ধে স্কট লিখেছেন, বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে ভারী বৃষ্টিপাতের ঘটনাগুলোর প্রায় অর্ধেকই আর ঘটবে না বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতিনির্ধারকদের জন্য একটি চিন্তার বিষয়।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু-নীতি গবেষক মাইকেল ওপেনহেইমার বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের অকালমৃত্যুর ঝুঁকি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং এটি ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারকে উদ্যোগী হতে হবে। কেবল বৈশ্বিক উষ্ণতার গতি কমালেই হবে না, তাপমাত্রা বৃদ্ধির কারণে আসন্ন ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে প্রস্তুত করতে হবে।
সূত্র: ইনডিপেনডেন্ট।