বিল গেটস-সন্তানদের অ্যাপল ছুঁতে মানা!
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের পরিবারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপলের পণ্য ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিলেন গেটস-পত্নী মেলিন্ডা গেটস। মেলিন্ডা গেটসের বরাতে এক খবরে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, বিল গেটসের পরিবারে অ্যাপলের পণ্য ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। শিশুরা যাতে কিছুতেই অ্যাপলের পণ্য কিনতে না পারে, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।দাতব্যপ্রতিষ্ঠান পরিচালনাকারী মেলিন্ডা গেটস জানিয়েছেন, তাঁর দুই মেয়ে ও এক ছেলে সম্প্রতি আইপডের জন্য বায়না ধরেছিল। কিন্তু তারা উইন্ডোজ প্রযুক্তির পণ্য পেয়েছে। এ প্রসঙ্গে মেলিন্ডার যুক্তি, পরিবারের আয়ের উত্স মাইক্রোসফট। তাই প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারের সুযোগই নেই।মেলিন্ডা আরও জানিয়েছেন, ২০০৯ সালে মাইক্রোসফট নির্মিত উইন্ডোজ ফোন বাজারে আসার আগে তিনি একবার অ্যাপলের তৈরি আইফোন কেনার কথা ভেবেছিলেন।বিল গেটস পরিবারে অ্যাপলের পণ্যে সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হলেও ২০১১ সালে তাঁর বড় মেয়ে জেনিফারকে আইফোন ব্যবহার করতে দেখা গেছে। এর আগে ২০১০ সালে মেলিন্ডা জানিয়েছিলেন, তাঁর স্বামী বিল গেটস অ্যাপলের মোটেও ভক্ত নন। বাড়িতে সব ধরনের অ্যাপল-পণ্য ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। মেলিন্ডার ভাষ্য, ‘আমাদের বাড়ির দরজা কখনো মাড়াতে পারবে না অ্যাপলের কোনো পণ্য।’