বিলাসী আইপ্যাডের করুণ কারিগর! (ভিডিও)
অ্যাপলের নতুন আইপ্যাড ১৬ মার্চ শুক্রবার থেকে বাজারে বিক্রি শুরু হয়েছে। বাজারে আসামাত্রই সবার মন জয় করেছে পণ্যটি। একখবরে বিবিসি জানিয়েছে, পণ্যটি তৈরির পেছনে রয়েছে চীনে অবস্থিত অ্যাপলের যন্ত্রাংশ নির্মাণ কারখানার কর্মীদের অক্লান্ত পরিশ্রম। সম্প্রতি বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে অ্যাপলের আইপ্যাড নির্মাণ-কর্মীদের কম বেতন, দীর্ঘসময় ধরে কাজ করানোর অভিযোগ করে খবর প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সারা বিশ্বে অ্যাপল পণ্য যাঁরা তৈরি করেন, তাঁদের নিয়মমাফিক নিরাপত্তা, পাওনা ঠিকমতো পরিশোধ ও বিশ্রাম দেওয়া হয়। বিবিসি সম্প্রতি চীনের একটি কারখানায় অ্যাপল-কর্মীদের সাক্ষাত্কার নিয়েছে। অ্যাপলের যন্ত্রাংশ নির্মাণের সঙ্গে জড়িত কর্মীরা স্বীকার করেছেন, আইপ্যাড তৈরির সময় তাঁদের কম বেতন দেওয়া হয়েছে। এ সময় তাঁদের এ চাকরি করা ছাড়া গত্যন্তর ছিল না বিধায় তাঁরা কাজ করেছেন। এ সময় তাঁদের নির্দিষ্ট সময়ের বাইরেও দীর্ঘসময় ধরেও কাজ করতে হয়েছে।