বিলুপ্তপ্রায় ভাষা রক্ষায় ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে প্রায় সাত হাজার ভাষা রয়েছে। সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে ভাষারও পরিবর্তন ঘটছে। চলতি শতকেই পৃথিবীর অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে—সম্প্রতি এমন আশঙ্কার কথাই জানিয়েছেন ফিলাডেলফিয়ার সোয়ার্থমোর কলেজের ভাষাবিদ গবেষক ডেভিড হ্যারিসন। তাঁর বরাতে এই খবর জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। অবশ্য গবেষক হ্যারিসন আশার কথাও শুনিয়েছেন। তিনি বলেছেন, বিলুপ্তপ্রায় ভাষা রক্ষায় ইউটিউব, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইন্টারনেট ও টেক্সট মেসেজের মাধ্যমে হারিয়ে যেতে বসা ভাষাগুলোকে আরও দীর্ঘদিন টিকিয়ে রাখা যাবে। বিলুপ্তপ্রায় ভাষা রক্ষায় গবেষকেরা একটি প্রকল্প গ্রহণ করেছেন। এক খবরে বিবিসি জানিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির এই গবেষকরা ‘এনডিউরিং ভয়েস’ নামের এই প্রকল্পের ভাষা রক্ষা পদক্ষেপের অংশ হিসেবে আটটি টকিং ডিকশনারি বা ‘কথ্য অভিধান’ চালু করেছেন। গবেষকেরা জানিয়েছেন, টকিং ডিকশনারি হচ্ছে ডিজিটাল ডিকশনারি বা ডিজিটাল অভিধান। এই অভিধানগুলোতে বিভিন্ন দেশের বিলুপ্তপ্রায় ভাষার ৩২ হাজার শব্দ ও ২৪ হাজার রেকর্ড করা অডিও স্থান পেয়েছে।ফিলাডেলফিয়ার সোয়ার্থমোর কলেজের ভাষাবিদ ডেভিড হ্যারিসন জানিয়েছেন, কোনো কোনো স্থান রয়েছে, যেখানে একটি ভাষাভাষী মানুষের সংখ্যা মাত্র ৫০ থেকে ৫০০ জনের মধ্যে সীমাবদ্ধ। টকিং ডিকশনারি নামের ডিজিটাল অভিধানগুলো এখন সেই ভাষাগুলোকে অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বার্ষিক সভায় হ্যারিসন এই তথ্য জানিয়েছেন। আটটি অভিধান ছাড়াও বেশ কিছু ভাষার অভিধান তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।