বিশ্ব প্রোগ্রামিং আসরে আবারও রুশদের শিরোপা

আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন রুশ কম্পিউটার প্রোগ্রামাররা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসির এবারের আয়োজন চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি, মেকানিকস অ্যান্ড অপটিকস। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার র্যাপিড সিটিতে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ভোরে শেষ হওয়া আইসিপিসির চূড়ান্ত পর্বে ১২টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে ১০টির সমাধান করে বিশ্ববিদ্যালয়টি। এই বিশ্ববিদ্যালয়টি এ নিয়ে সাতবার আইসিপিসির শিরোপা জেতার রেকর্ড গড়ল। ১০টি সমস্যার সমাধান করে সময়ের ফেরে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে পোল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারশ এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যশনাল ইউনিভার্সিটি। গতবারের চ্যাম্পিয়ন সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি ১০টি সমস্যা করে চতুর্থ স্থান অর্জন করে।
এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে বাংলাদেশের তিনটি দলের অর্জন এবার উল্লেখ করার মতো নয়। চারটি সমস্যার সমাধান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৬তম স্থানে রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনটি করে সমস্যার সমাধান দিয়ে ‘অনারেবল মেনশন’ পেয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে নয়টায় প্রতিযোগিতা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুতেই খুব দ্রুত ৩টি সমস্যার সমাধান করে সেরা ২০-এ চলে আসে। চতুর্থ সমস্যা সমাধান করে বেশ সম্ভাবনা জাগিয়ে তোলে। কিন্তু শেষ ঘণ্টায় আর কোনো সমস্যার সমাধান করতে না পারায় তাদের যাত্রা ৫৬তম স্থানে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠান শুরু হয় গতকাল বৃহস্পতিবার বাংলদেশ সময় ভোর তিনটায়। এতে ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের জন্য ছয়টি বিশ্ববিদ্যালয়ও পুরস্কার পায়। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মিসরের জার্মান ইউনিভার্সিট অব কায়রো, এশিয়ায় দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউরোপে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি, মেকানিকস অ্যান্ড অপটিকস, লাতিন আমেরিকায় কিউবার ইউনিভার্সিটি অব হাভানা, উত্তর আমেরিকায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস চ্যাম্পিয়ন হয়েছে। এবারের চূড়ান্ত পর্বে ১৩৩টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
আগামী বছর চীনের বেইজিংয়ে হবে এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্ব।
