বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপিত

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলায় পালিত হয়েছে বিশ্ব মহাকাশ সপ্তাহ। গত বৃহস্পতি ও শুক্রবার এনায়েতপুরের মহাকাশ ভবনে এ উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। এটি ছিল এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপনের ১২তম আসর। স্কুলশিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে অনুপ্রাণিত করতে জাতিসংঘ প্রতিবছর এ সপ্তাহ পালন করে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা বিশ্বে এ সময়ে মহাকাশ সপ্তাহ উদ্যাপন করা হয়। ২০০৩ সাল থেকেই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস) এ সপ্তাহটি নিয়মিতভাবে পালন করে আসছে।
এ আয়োজনে বক্তব্য দেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন রেজা, বিএএসের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশে ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের জাতীয় সমন্বয়ক এফ আর সরকার, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসানসহ অনেকে।
বৃহস্পতিবার সকালে এনায়েতপুর বালুর মাঠে শুরু হয় মহাকাশ শোভাযাত্রা। এরপর হয় ‘স্পেস আর্ট’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এ ছাড়া অনুষ্ঠানে ছিল মহাকাশ-বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, নাটক, নাচ, বক্তৃতা প্রদান ইত্যাদি পর্ব। অনুষ্ঠানে নভোচারীদের পোশাক পরে পাঁচজন শিশু বিশেষ পর্বে অংশ নেয়।
এনায়েতপুর হাইস্কুল মাঠে ওয়াটার রকেট উৎক্ষেপণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।