বিশ্ব মা দিবসে প্রযুক্তি উপহার
আজ বিশ্ব মা দিবস। মায়ের জন্য কিছু উপহার কেনা চাই? মায়ের জন্য উপহার হিসেবে ফুল ও প্রযুক্তিপণ্য হতে পারে বিশেষ উপহার। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট মায়ের জন্য উপহার হতে পারে এমন কয়েকটি পণ্য নির্বাচিত করেছে। সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের জন্য দরকারি, উপভোগ্য ও দীর্ঘস্থায়ী হতে পারে এমন উপহার হিসেবে প্রযুক্তিপণ্যই বেছে নেওয়া ভালো। সাশ্রয়ী মূল্যের প্রযুক্তিপণ্য উপহারও মায়ের মুখে হাসি ফোটাতে পারে। এ জন্য বেছে নেওয়া যেতে পারে হেডফোন, মোবাইল ফোন, টেলিভিশন, ই-বুক রিডার, পেন ড্রাইভ, ব্লুটুথ স্পিকারসহ বেশ কিছু প্রযুক্তিপণ্য। সাদা-কালোর পরিবর্তে মায়ের পছন্দের রং বুঝে নিয়ে রঙিন ও ফ্যাশনেবল হেডফোন পছন্দ করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের হেডফোনের মধ্য থেকে অতিরিক্ত শব্দ আটকাতে পারে এবং কানের জন্য আরামদায়ক এমন হেডফোনই হতে পারে উপযুক্ত উপহার। মায়ের যদি নিজস্ব মোবাইল ফোন না থাকে, তবে এবারের মা দিবসে তাঁকে খুশি করতে একটা স্মার্টফোনই যথেষ্ট। বাজারে এখন সাশ্রয়ী দামে ব্র্যান্ডের মোবাইল ফোন বেছে নেওয়াটা সহজ। এ ক্ষেত্রে রং আর মোবাইল ফোনের বিষয়টি মায়ের পছন্দ অনুসারে নির্বাচন করতে হবে। মোবাইল ফোনে ইন্টারনেট ও সহজ অ্যাপ্লিকেশন ব্যবহার এবং মোবাইল ফোন যেন ব্যবহারবান্ধব হয়, সেদিকেও খেয়াল রাখাটা জরুরি। মা দিবসে টেলিভিশনও মাকে খুশি করতে পারে। মায়ের জন্য তাই টেলিভিশন কিনে তাঁর হাতে টেলিভিশনের রিমোট ধরিয়ে দিয়ে খুশি করতে পারেন। মা যদি পড়তে ভালোবাসেন, তাঁর জন্য পছন্দসই উপহার হতে পারে ই-বুক রিডার। পেন ড্রাইভ এখন উপহার হিসেবে দারুণ। মা যদি অফিসে কাজ করেন, তবে কম্পিউটারের বিভিন্ন আদান-প্রদানে তাঁর জন্য সহায়ক হবে পেন ড্রাইভ। তাই বেছে নিতে পারেন এই উপহারটিও।