
গ্লোবাল সোশ্যাল ইন্ট্রাপ্রেনিউরশিপ কম্পিটিশনে (জিসেক) রানারআপ হওয়ার বিরল সম্মান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল ‘ভিত্তি’। এমআইটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, হংকং ইউনিভার্সিটি, এটেনেউ ডি ম্যানিলা ইউনিভার্সিটির মতো দলগুলোকে হারিয়ে ‘আইবিএ ভিত্তি’ জিতে নিয়েছে তাদের প্রকল্পে ১০ হাজার ডলারের বিনিয়োগ। জিসেকের ইতিহাসে কনিষ্ঠতম দল হিসেবে ভিত্তি দলের সদস্যরা—আইমান আবসার, সাবিরা মেহেরিন ও পরাশর সাহা নিজেদের তুলে ধরেছেন বিশ্বমঞ্চে এবং একই সঙ্গে ঘোষণা করেছেন বাংলাদেশি তরুণদের অগ্রযাত্রার কথা। তারা আইবিএর বিবিএ ২১তম ব্যাচের শিক্ষার্থী।
দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে কথা হয় সফল এই তরুণদের সঙ্গে। আইমান আবসার ভিত্তির উদ্যোগ সম্পর্কে বলেন, ভাবুন এমন একটি ইটের ভাটার কথা, যেখান থেকে কোনো ধোঁয়া নিঃসরণ হচ্ছে না, হচ্ছে না পরিবেশের কোনো ক্ষতি। বরং আখের ফেলে দেওয়া ছোবড়াকে কাদামাটির সঙ্গে মিশিয়ে এবং রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে এমন এক ভিত্তি, যেটা আগুনে পোড়ানো ইটের মতোই শক্ত এবং এর চেয়ে সাশ্রয়ী। আমাদের উদ্যোগ মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে। ১) ইটের ভাটা থেকে কার্বন নিঃসরণ কমানো, ২) আখের ছোবড়া তথা বর্জ্যকে কাজে লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত করা, ৩) গ্রামের মানুষদের জন্য সাশ্রয়ী আবাসন ও কর্মসংস্থান তৈরি করা। প্রতি বছর আমাদের দেশে যে ২ দশমিক ৫ মিলিয়ন টন আখের ছোবড়া উৎপাদিত হয়, সেটাকেই আমরা ইট বানানোর কাজে লাগাব। প্রকল্পে আমরা যে ইট বানাব, বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেব। দেশের সব মানুষই, বিশেষ করে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষেরা এই ইটকে কাজে লাগিয়ে শক্ত বসতবাড়ি নির্মাণ করতে পারবেন।
২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফোস্টার বিজনেস স্কুলের উদ্যোগে বসে জিসেকের এবারের আসর। জিসেক সপ্তাহ ২০১৪ উপলক্ষে সেমিফাইনালিস্ট ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয় সিয়াটলে; উৎসবের মূল আয়োজকদের মধ্যে ছিল মাইক্রোসফট, সিয়াটল রোটারি ও এনসিআইআই এ। বাংলাদেশ থেকে মোট সাতটি দল এই উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পায়। ২৬ ফেব্রুয়ারি একটি প্রেজেন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে নির্বাচন করা হয় ফাইনালিস্ট দলগুলোকে। অবশেষে ২৭ ফেব্রুয়ারি সিয়াটলের গ্র্যান্ড হায়াত হোটেলে ফাইনাল প্রেজেন্টেশনের পরেই ঘোষণা করা হয় বিজয়ী দলগুলোর নাম। জিসেক ২০১৪-এর গ্র্যান্ড পুরস্কার লাভ করে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ফারগ্রিন দল এবং গ্লোবাল হেলথ প্রাইজ লাভ করেছে ফিলিপাইনের এইউডা ফুড এইড। পরাশর সাহা এই উৎসব সম্পর্কে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনুষ্ঠানের সবচেয়ে মজার বিষয় ছিল বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব করা। বিশেষ করে ফিলিপাইনের দলটির সঙ্গে আমাদের অনেক ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এবং তারা বাংলাদেশ সম্পর্কেও আগ্রহী। তারা আমাদের জানিয়েছে, তাদের প্রকল্পের কাজ তারা এ দেশ থেকেই শুরু করতে চায়। এ ছাড়া মাইক্রোসফটের অফিস ও সিয়াটল রোটারি ক্লাব ঘুরে দেখার অভিজ্ঞতাটাও ছিল স্মরণীয়।
সাবিরা মেহেরিন সিয়াটলে যাননি, কিন্তু দেশে থেকেই তাঁর দলের জন্য কাজ করেছেন। সেমিফাইনাল পর্যন্ত দলের সব কটি কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন। তিনি জানান, পুরস্কার পাওয়াটা আমাদের মূল লক্ষ্য ছিল না, আমরা চাই দেশের জন্য ভালো একটি আবাসনব্যবস্থা গড়ে তুলতে এবং সেটা কম খরচে ও কম দূষণে। ভিত্তি আমাদের স্বপ্নের প্রকল্প, কিন্তু এটাকে দাঁড় করাতে আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন। এ ছাড়া এটির পেটেন্টও আমরা নিজেদের করে নিতে চাই, যেটি বহু ব্যয়সাপেক্ষ। আগ্রহী বিনিয়োগকারীরা এগিয়ে এলেই আমরা অনেক দূর যেতে পারব। সেই সামর্থ্য আমাদের আছে; জিসেক পুরস্কার তারই সনদপত্র।
আইবিএর এই তিন স্বপ্নারোহী থেমে যেতে চান না, তাঁরা চান আবাসন সমস্যা ও পরিবেশ দূষণকে থামিয়ে দিতে। তাঁদের চোখে তাকিয়েই স্বপ্ন দেখছে বাংলাদেশ।