বিশ্বকাপ উপলক্ষে টুইটারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র সাত দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর৷ ফুটবল বিশ্বকাপের সব খবর সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে প্রস্তুত গণমাধ্যম৷ পিছিয়ে নেই সামাজিক যোগাযোগের সাইটগুলোও। বিশ্বকাপের খবর সহজে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। টুইটারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে #WorldCup এবং #Brazil2014 হ্যাশট্যাগ অনুসরণ করে জানা যাবে বিশ্বকাপের ৬৪টি ম্যাচের খবর৷ সহজে এবং দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার। এ ছাড়া বিশ্বকাপ শুরুর আগেই এ উপলক্ষে স্বপ্নের একাদশ গড়ারও সুযোগ দিয়েছে টুইটার৷ গত তিন মাসে এতে সেরা তিন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েন রুনি ও নেইমার জুনিয়র, যাঁদের সবচেয়ে বেশি ট্যাগ করা হয়েছে।
টুইটারের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের প্রায় ৩০০ জন খেলোয়াড়ের টুইটারে অ্যাকাউন্ট রয়েছে৷ গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনের তথ্য অনুযায়ী, টিভির পর দ্রুত এবং সহজে খেলার সবচেয়ে বেশি খবর পেতে আগ্রহীরা নজর রাখেন টুইটারে৷ শুধু ফুটবল বিশ্বকাপের দেশগুলোর গ্রুপ ভাগের সময় দুই ঘণ্টায় ১৭ লাখ টুইট ছাড়া হয়েছে! এবারের বিশ্বকাপে টুইটারে সবচেয়ে বেশি বিশ্বকাপের খবর প্রকাশিত হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মাত্র ১৪০ শব্দে দ্রুত খবর ছড়াতে এবার সবচেয়ে বেশি ব্যবহৃত হবে টুইটার৷ কারণ, এটি সহজে করা যায় এবং সহজে পড়া যায়৷ ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট (twitter.com/FIFAWorldCup) থেকেও সর্বশেষ খবর পাওয়া যাবে৷ —টাইমস অব ইন্ডিয়া