বিশ্বকাপে বাংলাদেশের ভাত-মাছ
ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন, কিন্তু প্রিয় খাবার খাবেন না, তা কি হয়? পড়ুন বিলেত–প্রবাসী রসনাবিলাসী একদল বাংলাদেশির চমকপ্রদ ঘটনা

ব্রিটেনে বাংলাদেশের কারি শিল্পের যে জয়জয়কার সেটা, নিশ্চয়ই কারও অজানা নয়। বিশ্বকাপের এই মৌসুমে বাংলাদেশের কারি নিয়ে আরেক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোস্তফা আজিম ও তাঁর ১২ সহকর্মী। আজিম কাজ করছেন ইম্পেরিয়েল এয়ার সেলভেজের পরিচালক হিসেবে। তাঁদের চাওয়াতেই ইংল্যান্ডের সাসেক্সের চিলচা রেস্টুরেন্টের কারি উড়ে গেছে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ব্রাজিলে! এ জন্য তাদের খরচ হয়েছে সাত হাজার পাউন্ডের বেশি।
বিষয়টি খুলে বললেন ব্রাজিলে কারি সরবরাহকারী চিলচা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াহিদ। তিনি বলেন, ‘আমরা ব্রাজিলে খাবার সরবরাহের একটা অর্ডার পেয়েছিলাম। শুরুতে ভেবেছিলাম কেউ মজা করছে।প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি, এ রকম কিছু বাস্তবে সম্ভব।’

ঘটনার মূল নায়ক মোস্তফা আজিম বলছিলেন, ‘আমরা বন্ধুরা মিলে বিশ্বকাপ উপভোগ করব ঠিকই, কিন্তু প্রিয় খাবারের স্বাদ থেকে বঞ্চিত হব, এটা মেনে নিতে পারছিলাম না। সেই ভাবনা থেকেই আমাদের প্রিয় চিলচা রেস্টুরেন্ট থেকে ব্রিটেন টু ব্রাজিল কারি ফুড ডেলিভারির আয়োজন।’
খাবারের তালিকায় ছিল পালক পনির, পাকোড়া, শিঙাড়া, ফিস কাটা মাসালা, বোম্বে আলু ও পোলাও রাইস।তাদের এই চমকপ্রদ কাণ্ড সাড়া ফেলেছে স্থানীয় পত্রপত্রিকাগুলোতে।এ বিষয়ে প্রতিবেদন ছেপেছে ওয়ার্দিং হেরাল্ড।খবর প্রচার হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলেও।
কিন্তু ব্রিটেনে এত রেস্টুরেন্ট থাকতে চিলচা কেন? এই প্রসঙ্গে মোস্তফা আজিম জানান, বিশ্বনন্দিত নায়ক টম ক্রুজ তাঁর সাম্প্রতিক ছবি দি এজ অব টুমরোতে কাজ করার সময় এই চিলচা রেস্টুরেন্ট টম ক্রুজের খাবার সরবরাহ করেছিল।মূলত সেখান থেকেই প্রথম চিলচা রেস্টুরেন্টের খাবার এবং মোহাম্মদ ওয়াহিদ সম্পর্কে জানতে পারি।মোস্তফা বলেন, ‘আমরা বাংলাদেশি।আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় ভাত আর মাছ মূল পদ।ব্রাজিলে এমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাইনি, যেখানে আমাদের পছন্দের কারি খাবার পাওয়া যায়।’