বিশ্বকাপে সুযোগ না পাওয়ার কারণ

বারমুডা
এখানে বল তো নস্যি, মাঝেমধ্যে গোলপোস্ট, এমনকি পুরো দলই গায়েব হয়ে যায়। এর ফলেই তারা এবারে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি।

মালদ্বীপ
এখানে শত শত দ্বীপ, এক দ্বীপে এক গোলপোস্ট বসালে আরেকটা পোস্ট বসাতে হয় দুই দ্বীপ ছাড়িয়ে অন্য কোনো দ্বীপে। ফলে, বেশির ভাগ শট নেওয়া বলই ভেসে যায় ভারত মহাসাগরে। এ কারণে এই দেশ ভালোভাবে প্র্যাকটিস করতে পারেনি, যার ফলে চান্সও পায়নি বিশ্বকাপে।
নেপাল
নেপাল হলো পাহাড়ের দেশ। তাদের এক গোলপোস্ট হয় পাহাড়ের মাথায়, আরেক গোলপোস্ট হয় পাহাড়ের গোড়ায়। ফলে, নিচের দল ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে যায় আর ওপরের দল বল নিয়ে নামতে গেলেই গড়িয়ে পড়ে যায়। এতে করে কখনোই একটা ব্যালেন্স দল হয়ে উঠেনি তারা। ফলাফল বিশ্বকাপে চান্স না পাওয়া।

পশ্চিম সাহারা
মরুভূমিতে প্রচণ্ড গরম! একবার বল আকাশে মারলে সেটা নিচে পড়ার আগেই গলে বাষ্প হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ফলে, খেলোয়াড়েরা খেলাধুলা করার কোনো সুযোগই পায় না। এতে করে প্রশিক্ষণের অভাবে তারা বিশ্বকাপে খেলতে পারেনি।

গ্রিনল্যান্ড
এই দেশে তীব্র ঠান্ডা। এদের খেলার মাঠে প্রচুর পরিমাণে বরফ পড়ে। অনেক সময় এতই ঠান্ডা থাকে যে শট নেওয়া বল আকাশেই জমে বরফ হয়ে যায়। এতে করে তাদের খেলাধুলায় ব্যাঘাত ঘটে এবং তারা বিশ্বকাপে অংশ নেওয়ার মতো উদ্যোগই নিতে পারে না। যে কারণে এবারের বিশ্বকাপে গ্রিনল্যান্ড নেই।

মিসর
প্রচুর বালুর কারণে এখানে বল শুধু আটকে যায়। তাই এ দেশের খেলোয়াড়েরা বল নিয়ে খুব বেশি দূর যেতে পারে না। অনেক সময় নির্ধারিত ৯০ মিনিট পার হয়ে গেলেও এক পক্ষের খেলোয়াড়েরা বল নিয়ে আরেক পক্ষের রক্ষণভাগে পৌঁছাতেও ব্যর্থ হয়। বিশ্বকাপে চান্স না পাওয়ার পেছনে এটাই বড় কারণ।