বিশ্বকাপের একটা স্ট্যাটাস আছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার যুদ্ধ ফেসবুকেও৷ মডেল: ওমর৷ ছবি: খালেদ সরকার
খেলার যুদ্ধ ফেসবুকেও৷ মডেল: ওমর৷ ছবি: খালেদ সরকার

বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের মাঠে গড়ানোর আগে থেকেই ফেসবুকে গড়াগড়ি খাচ্ছে। ভক্ত-সমর্থকদের আবেগের ঢেউয়ে ফেসবুক ভাসছে। ভক্তদের ফেসবুক টাইমলাইন থেকে শুরু করে প্রোফাইল—সবকিছুই বদলে যাচ্ছে। মাঠে খেলোয়াড়েরা খেলার যুদ্ধ চালালেও ফেসবুকে ভক্তরা চালাচ্ছেন কথার যুদ্ধ। সেখানেও জয়-পরাজয়, আক্রমণ-পাল্টাআক্রমণে ঘায়েল হচ্ছে প্রতিপক্ষ। বিশ্বকাপ বলে কথা—এর একটা স্ট্যাটাস আছে না! তাই খেলা চলছে মাঠে, স্ট্যাটাস চলছে ফেসবুকে৷
তারেক হাসানের কথাই ধরা যাক। নিজে পছন্দ করেন ব্রাজিলের খেলা। বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগেই ফেসবুকে একটা ছোট্ট পোস্ট দেন তিনি। সেখানে ম্যারাডোনার হাতে লাউ ধরিয়ে ফটোশপে তৈরি একটা ছবি দেন৷ আর তা-ই নিয়েই তাঁর ফেসবুক বন্ধুরা উঠেপড়ে লাগেন। কেউ লাইক দেন তো কেউ কড়া সমালোচনায় মত্ত। করতে থাকেন একের পর এক মন্তব্য। কথার খোঁচাখুঁচিতে বেঁধে যায় ঝগড়া।
আর্জেন্টিনার আরেক ভক্ত জাহিদ কিবরিয়া তাঁর ফেসবুক সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকা ও ছবি দিয়ে। স্ট্যাটাস দিচ্ছেন ব্রাজিলবিরোধী। ব্রাজিলের এক খেলার আগে যেমন তাঁর স্ট্যাটাস ছিল এমন, ‘আজ ব্রাজিল কয়টা গোল খাবে? তবে আমি চাই তারা পরের রাউন্ডে আসুক এবং স্পেনের মুখোমুখি হোক।’ জাহিদের এই সাধ যে এবার পূরণ হচ্ছে না, সেটা সবাই বুঝে গেছেন। কারণ, স্পেন এরই মধ্যে হল্যান্ড আর চিলির কাছে হেরে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।
অনেকে আবার দলের বাইরে এসে সুন্দর ফুটবলের জন্য স্ট্যাটাস দিচ্ছেন। ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও জার্মানি-হল্যান্ড-ঘানা নিয়েও মাতামাতি কম না। প্রতিপক্ষ ভালো খেললেও কেউ কেউ প্রশংসা করতে ভুলছেন না।
নিজের দলের খেলার আগে অনেক ভক্তই থাকেন চিন্তায়। কেউ কেউ তো উত্তেজনায় কারও সঙ্গে কথাই বলতে পারেন না। তেমনই একজন লামিয়া। পর্তুগালের খেলার আগে তাঁর স্ট্যাটাস ছিল এমন, ‘সব বড় তারকাই গোল পেয়েছে। তুমিও (রোনালদো) পাবা নিশ্চয়। তুমি গোল না পেলে যে আমি খেতেই পারব না।’ আবার জার্মান দলের সমর্থক স্বাসত জামান দলের খেলা শুরু হওয়ার আগে স্ট্যাটাস দেন, ‘আজ আমার দল জার্মানির খেলা। তবে সমস্যায় পড়েছি অন্যভাবে। সিআর সেভেন আমার প্রিয় খেলোয়াড়। আর তাঁর দলের বিরুদ্ধেই খেলা। তাই জেতার আনন্দ নেই, হারারও দুঃখ নেই। আশা করছি তারা ভালো খেলবে।’
আরেক ফুটবলপ্রেমী সিয়াম তাঁর ফেসবুকে লিখেছেন একটা বিজ্ঞাপনী স্ট্যাটাস। বিভিন্ন দলের খেলা দেখে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেটা এমন—

ফুটবলের বাজারে নতুন পণ্য
ক্যাসিয়াস ইউএসবি পোর্ট—যখন যেখানে খুশি ইচ্ছামতো লাগান৷
ওচোয়া মশার কয়েল—মশা তো ছারখার, অন্যকিছুও ঢুকতে পারবে না।
মেসি সিমেন্ট—ইট-সুড়কি কিছুই লাগে না, সব ভার একাই নিতে পারে।
পেপে ডিটারজেন্ট—এবার দিন স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই৷
একেক দলের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকেরা ফেসবুকে জানাচ্ছেন নিজেদের মতামত। দর্শকের চোখে খেলার বিশেষ মুহূর্তের ছবিও ইচ্ছামতো আপলোড করছেন অনেকে। খেলার সময়েও ফেসবুক থাকছে সরগরম। ওবি মিকেল এইটা কেমন পাস দিল, নেইমার কেনো বলটা আগেই পাস করল না, মেসি কেন এত দূর থেকে গোলে কিক মারল—এমনই নানা কথা আর ছবিতে ফেসবুকেও চলছে বিশ্বকাপের মৌসুম। যে মাঠে পুরো পৃথিবী খেলছে একসঙ্গে। খেলছে তাদের ইচ্ছামতো।