বিশ্বকাপের কিচিরমিচির

চলছে ফুটবল বিশ্বকাপ। আর তাতে টুইটার থাকবে না? খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার বিশ্বকাপের নানা খবর দেওয়ায় একেবারে শীর্ষেই আছে৷
টুইটারে বিশ্বকাপ আয়োজন
বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের প্রায় ৩০০ জন খেলোয়াড়ের টুইটার অ্যাকাউন্ট রয়েছে। দলের অফিশিয়াল টুইটার তো আছেই। টুইটার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য বিশেষ হ্যাশট্যাগ চালু করেছে। আর যখনই এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হবে তখনই স্বয়ংক্রিয়ভাবে ‘ইমোটিকন’ হিসেবে যুক্ত হচ্ছে ওই দেশের পতাকা! কেউ যদি #GER লিখে কিছু প্রকাশ করেন তাহলে এই অক্ষরগুলোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে জার্মানির পতাকা। একইভাবে ব্রাজিলের ক্ষেত্রে #BRA কিংবা আর্জেন্টিনার ক্ষেত্রে #ARG লিখলেই পাওয়া যাবে পতাকাসহ হ্যাশট্যাগ। অন্য দলগুলোর জন্য সংকেত কী লিখতে হবে তা আছে http://goo.gl/42B3UU ঠিকানায়।
বিশ্বকাপের সব খবর পেতে #WorldCup এবং #Brazil2014 ব্যবহার কিংবা অনুসরণ করলেই চলবে৷ নির্দিষ্ট দলের খবর পেতে https://twitter.com/hashtag লিখে নির্দিষ্ট দলের নামের প্রথম তিন অক্ষর লিখে সব খবর পাওয়া যাবে। প্রতিদিনের সব ম্যাচের সময়সূিচ মনে না থাকলেও সমস্যা নেই। টুইটারে প্রবেশ করলেই ডান পাশে পাওয়া যাবে যে দেশ থেকে ঢোকা হয়েছে সে দেশের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচের দিনক্ষণ৷
এক্সপ্লোর ওয়ার্ল্ডকাপ
টুইটারের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ‘এক্সপ্লোর ওয়ার্ল্ডকাপ’ নামের বিশেষ উদ্যোগ। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। যাঁরা টুইটার ব্যবহার করছেন, তাঁদের টুইটারের শুরুতেই এ পাতার ঠিকানা রয়েছে, যেখানে গেলে পুরো বিশ্বকাপের সব খবরের আবহ পাওয়া যাবে। আবার বিশ্বকাপের খবর একসঙ্গে পাওয়া যাবে https://twitter.com/hashtag/WorldCup ঠিকানায়। এ ঠিকানায় গেলে নিজস্ব নেটওয়ার্কের সবার বিশ্বকাপ-সম্পর্কিত টুইট পাওয়া যাবে। ম্যাচ টাইমলাইনে তাত্ক্ষণিকভাবে পাওয়া যাবে যেকোনো ম্যাচের গোল, ফাউল এমন আরও অনেক কিছুর তথ্য-ছবি।
টুইটারে বিশ্বকাপ ও খেলোয়াড়
টুইটারে ফিফার অ্যাকাউন্টের (@FIFAcom) পাশাপাশি আছে ফিফা ফুটবল বিশ্বকাপ (@FIFAWorldCup) অ্যাকাউন্ট৷ এতে পাওয়া যাবে বিশ্বকাপের সব খবর। এ ছাড়া ফুটবলারদেরও রয়েছে অ্যাকাউন্ট। এর মধ্যে টুইটারে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে শীর্ষে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (@Cristiano)। তাঁর অনুসারীর সংখ্যা দুই কোটি ৭০ লাখ। এক কোটি ১৫ লাখ ফলোয়ার নিয়ে পরেই আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র (@neymarj)। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েন রুনি (@WayneRoone)। তাঁর রয়েছে ৯০ লাখ ফলোয়ার।
বিনা মূল্যে টুইটার ব্যবহার
বাংলাদেশে বিনা মূল্যে টুইটার ব্যবহারের ব্যবস্থা চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরা #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠিয়ে এ সুবিধা পাবেন। এ আয়োজনের সহযোগী প্রথম আলো। পুরো বিশ্বকাপে টুইটার ব্যবহারের ক্ষেত্রে কোনো খরচ লাগবে না। এ ছাড়া টুইটারের নানা খবর নিয়ে প্রতিদিন প্রথম আলোতে প্রকাশিত হচ্ছে বিশেষ খবর। ইন্টারনেটে রয়েছে বিশেষ টুইটার কর্নার (www.prothom-alo.com/twitter_corner)।