
ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলের নাড়ি-নক্ষত্র সবকিছুই তাঁদের মুখস্থ! বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা দল দুটির সমর্থনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যান ক্লাব গঠিত হয়েছে। ক্যাম্পাসজুড়ে বিশাল পতাকা সাঁটানো হয়েছে। এরই মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবেল হোসেন জানান, কিছুদিন আগে কলেজের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে টানা পাঁচ দিন চলে সাইবারযুদ্ধ৷ এ স্ট্যাটাসে পাঁচ শতাধিক মন্তব্য এবং অসংখ্য লাইক পড়ে।
চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ইমরুল নিজেকে আর্জেন্টিনার একজন গোঁড়া সমর্থক উল্লেখ করে বলেন, ‘ছাত্রাবাসে আমরা ১৮০ জন থাকি। সবাই মিলে ছাদে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছি৷ প্রিয় দল জিতলেই চলছে মিষ্টিমুখ৷’
দ্বিতীয় বর্ষের ফারজানা বলেন, ‘আমাদের ছাত্রী হলে টিভিতে সবাই মিলে খেলা দেখছি৷ বাড়ির বাইরে এই প্রথম বিশ্বকাপ দেখা। এ এক দারুণ অভিজ্ঞতা! আমি চাই, প্রিয় দল ব্রাজিল এবার শিরোপা জিতুক৷’
দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অরুণের উচ্ছ্বাসটা একটু বেশিই। ক্যাম্পাসের মধ্যে সে সবার আগে প্রিয় দল আর্জেন্টিনার জার্সি কিনেছে। নিজ দলের সমর্থনে তার মন্তব্য, ‘আর্জেন্টিনা দলে বিশ্বসেরা চার খেলোয়াড় রয়েছে, যেটা অন্য কোনো দলে নেই।’
ইমতিয়াজ, শাহরিয়ার, এনামুল, মাহবুব, সাগর জানান, পুরো ক্যাম্পাস এখন ফুটবল-জ্বরে আক্রান্ত৷
ব্রাজিল-আর্জেন্টিনা চিরায়ত দ্বন্দ্বের মধ্যে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইতালিসহ কয়েকটি দলের সমর্থক শিক্ষার্থীরাও রয়েছেন। তাঁরাও নিজ দলের জেতার স্বপ্নে নানান যুক্তি তুলে ধরেন। তবে প্রত্যেক শিক্ষার্থী আগাম ঘোষণা দিয়ে রেখেছেন, সমর্থনের দলটি বিশ্বকাপ জিতলে ক্যাম্পাসে উৎসব করা হবে৷