বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল অ্যালেনের মামলা
শীর্ষসফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে সিলিকন ভ্যালির বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। পল অ্যালেনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ১৯৯০-এর দশকে তাঁর প্রতিষ্ঠিত ইন্টারভ্যাল লাইসেন্সের উদ্ভাবিত অনেক ওয়েব প্রযুক্তিকে নিজেদের উদ্ভাবিত বলে চালিয়ে দিয়েছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল অ্যালেন মামলা করেছেন সেগুলোর মধ্যে রয়েছে অ্যাপল কম্পিউটার, ইয়াহু, ফেসবুক, গুগল ও ইবে। এ ছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এগুলো হচ্ছে এওএল, ইউটিউব, নেটফ্লিক্স, অফিস ডিপো, অফিসম্যাক্স ও স্ট্যাপলস। গুগল, ফেসবুক ও ইবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। গুগলের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এসব খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের মামলা দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রবণতা আছে যে বাজারে প্রতিযোগিতা না করে আদালতকক্ষে প্রতিযোগিতা করে। এই মামলা সেই প্রবণতারই প্রতিফলন। ফেসবুকের একজন মুখপাত্র বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার কোনো যৌক্তিকতা নেই। পল অ্যালেন গত শুক্রবার ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করেন। ইন্টারভ্যাল জানায়, তারা এসব প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ চাইবে। তবে ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত সে ব্যাপারে কিছু বলেনি ইন্টারভ্যাল। ১৯৭৫ সালে বিল গেটসের সঙ্গে যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন পল অ্যালেন। ১৯৯২ সালে তিনি ইন্টারভ্যাল প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফটের শেয়ার থেকে কোটি কোটি ডলারের সম্পদ গড়ে তোলেন। সম্প্রতি তিনি তাঁর ৩১ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের অধিকাংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেওয়ার অঙ্গীকার করেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান