বিশ্বজুড়ে চিপ-সংকট, দেশে প্রযুক্তিপণ্যের সংকট হবে না
বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলছে চিপ–সংকট। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সেমিকন্ডাক্টরের মজুতও তলানিতে এসে ঠেকেছে। এ বিষয়ে সতর্ক করে মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, অনেক প্রতিষ্ঠানেই পণ্য উৎপাদনের জন্য মাত্র ৫ দিনের সেমিকন্ডাক্টর মজুত রয়েছে। ২০১৯ সালে এ সংখ্যা ছিল গড়ে প্রায় ৪০ দিন।
ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার, গেমিং কনসোল, টেলিভিশন, গ্রাফিকস কার্ড, স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, কাপড় ধোয়ার যন্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে চিপ ব্যবহৃত হয়। ফলে বিশ্বজুড়ে চলা চিপ–সংকটে এসব পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বজুড়ে চলা এই চিপ–সংকট আপাতত বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন কম্পিউটার পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। আজ এ বিষয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘করোনা মহামারির শুরুতে অর্থাৎ ২০২০ সালের মার্চ থেকে দেশে প্রযুক্তিপণ্যের সংকট তৈরি হলেও গত বছরের শেষ প্রান্তিক (সেপ্টেম্বর-ডিসেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। প্রযুক্তিপণ্যের নির্মাতারাও আমাদের আশ্বস্ত করেছেন, পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে। এ ছাড়া আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সাধারণত ৩০ থেকে ৪০ দিনের প্রযুক্তিপণ্য সব সময় মজুত থাকে। ফলে পণ্য পরিবহনে সমস্যা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে দেশে প্রযুক্তিপণ্যের কোনো সংকট হবে না বলে আমি মনে করি।’
করোনাকালে ঘরে বসে কাজের প্রয়োজন মেটাতে বিশ্বজুড়ে প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের তুলনায় ১৭ শতাংশ বেশি প্রযুক্তিপণ্যের চাহিদা থাকায় চিপ–সংকট তৈরি হয়। সমস্যা সমাধানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের সবচেয়ে বড় চিপ তৈরির কারখানা তৈরির ঘোষণা দিয়েছে ইনটেল। এ জন্য ২ হাজার কোটি ডলার বিনিয়োগও করবে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। স্যামসাংও গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১ হাজার ৭০০ কোটি ডলারের বিনিময়ে চিপ তৈরির কারখানা তৈরির ঘোষণা দিয়েছে।