বিশ্ববিদ্যালয়ের মেধাবী রোবট!
জাপানের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরিতে কাজ করছেন। সম্প্রতি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিকস ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সুর গবেষকরা জানিয়েছেন, তাঁদের তৈরি এ রোবটটি টোকিও বিশ্ববিদ্যালয়ের সবচে কঠিন ভর্তি পরীক্ষাতেও অনায়াসে ‘এ’ গ্রেড পাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। গবেষকরা জানিয়েছেন, তাঁদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ২০২১ সাল নাগাদ টোকিও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিয়ে সবচে ভালো ফল করবে। সব শিক্ষার্থীকে টপকিয়ে তাঁদের রোবটটি যেন সবচে বেশি নম্বর পায় সে লক্ষেই কাজ করছেন তাঁরা। রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে গবেষকরা জানিয়েছেন, পরীক্ষায় কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহার করে শব্দ, সংখ্যা, গাণিতিক সূত্র বিশ্লেষণের শেষেই প্রশ্নের সঠিক উত্তর লিখবে এই রোবট। কম্পিউটারের গাণিতিক হিসাব করার পদ্ধতি ব্যবহার করার আগে নিজের বুদ্ধি খরচ করে রোবটটিকে প্রশ্ন বুঝতে হবে। ফুজিত্সু ল্যাবরেটরির গবেষক হিদেনাও আইওয়ানে জানিয়েছেন, জাপানের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক কঠিন হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকেই এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটটি এ পরীক্ষায় উত্তীর্ণ হবে। মানুষের জন্য তৈরি করা প্রশ্ন কম্পিউটারের জন্য বোঝা খুবই কঠিন। এ পদ্ধতি সফল হলে সহজ গাণিতিক বিশ্লেষণ করার পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে বলেই ধারণা করছেন তিনি। ২০০৮ সালে ‘ওয়াটসন’ নামের একটি রোবট তৈরি করেছিল আইবিএম, যেটি মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ওয়াটসন জিওপার্ডি গেমে মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।