বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হলো
বিশ্বব্যাংক এবং শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট আয়োজিত ‘কোডিং ইউর অপরচুনিটি’ শীর্ষক বার্ষিক আঞ্চলিক অনুদান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিতরণ করা হয়েছে। বিচারকদের রায়ে বাংলাদেশের বেটার স্টোরিস লি. এবং নেপালের রোবটিক অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন প্রতিটি দল ১০ হাজার ডলার করে পুরস্কার পাবে। এ ছাড়া বাংলাদেশের ড্রিম ডোর সফট লিমিটেড এবং নেপালের আ লিটল স্টেপ রানারআপ পুরস্কার পায়। তরুণদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনী প্রোগ্রামিং সংকেত লেখার ব্যাপারে উৎসাহ দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির বলেন, ‘অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একঝাঁক মেধাবী তরুণ রয়েছে, যারা প্রোগ্রামিং সংকেত বা কোডিং চর্চা করার মাধ্যমে নতুন কিছুর সূচনা করতে পারে। ’
বিশ্বব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড ক্রিস্টিন কাইমস বলেন, তরুণ জনগোষ্ঠীর দিক থেকে উত্তর এশিয়া সারা বিশ্বে সবচেয়ে বড় স্থান দখল করে আছে। কোডিং এবং কম্পিউটার শিক্ষা এখানকার তরুণদের কাজের বাজারে আরও এগিয়ে দেবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মুহিবুর রহমান, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে।