বিশ্বব্যাপী আলো ছড়ানোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাই গড়ব তথ্যপ্রযুক্তির বাংলাদেশ। গ্রামীণফোন ও প্রথম আলো আলোর যে উৎস দেখিয়েছে, সেই আলো আমরা ছড়িয়ে দেব সারা বিশ্বে।’ এ অভিব্যক্তি শিক্ষার্থী তানভীরুল ইসলামের। গতকাল সোমবার পিরোজপুরে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে তানভীরুল। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো এ উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। গতকাল সকাল সোয়া ১০টায় পিরোজপুর শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন। তিনি বলেন, ইন্টারনেটের ব্যবহার প্রসারে প্রথম আলো ও গ্রামীণফোন যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার। গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের যে পরিচয় হয়েছে, তা শিক্ষা বিস্তারে অবদান রাখবে।জেলার সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ইন্টারনেট শিক্ষাব্যবস্থাকে সহজ করেছে। দেশকে এগিয়ে নেওয়ার সময় এখনই। আর তোমরাই দেশকে এগিয়ে নেওয়ার সৈনিক।’ উৎসবে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সুবোধ চন্দ্র লোধ, প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি আরিফ মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন পিরোজপুর বন্ধুসভার সদস্য সুচিতা মিত্র।উৎসবে পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, করিমুন্নেছা বালিকা বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়, পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল ও কলেজ, পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী যোগ দেয়।উৎসবটির জন্য মোট ১৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। প্রতিযোগিতা শেষে নির্বাচিত আই-জিনিয়াসকে দেওয়া হয় পদক ও প্রথম আলোর উপহার। এ ছাড়া উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ, যা দারুণভাবে উপভোগ করে শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ ডিগ্রি কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ছাঈদ আলতাফুননেসা ডিগ্রি কলেজ এবং পাবনার বেড়া উপজেলার মঞ্জুর কাদের মহিলা কলেজে ইন্টারনেট উৎসব হবে।