বিশ্বমানের প্রযুক্তিসেবা দেবে জিপিআইটি
গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটি তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বমানের সেবা দেবে। এর ফলে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রযুক্তিসংক্রান্ত সেবা পাবে। এ দেশে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।গতকাল শনিবার ঢাকার জিপি হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জিপিআইটির প্রধান নির্বাহী পিটার এন্থনি ডিনডায়াল এসব কথা বলেন।পিটার এন্থনি জানান, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের প্রযুক্তিগত সমাধান অপরিহার্য হয়ে পড়েছে। এসব দিক লক্ষ রেখে বর্তমানে জিপি আইটি ৪০০ জন দক্ষ কর্মীর মাধ্যমে তথ্যপ্রযুক্তির সমাধানের জন্য দেশের ২০টি আইটি সাপোর্ট সেন্টারে কাজ করছে। বর্তমানে জিপি আইটি বেশ কিছু আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সমাধান দিচ্ছে। জিপিআইটি দেশ-বিদেশের আস্থাশীল ও সময়োপযোগী আইটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বলে উল্লেখ করেন তিনি।পিটার এন্থনি ডিনডায়াল আরও বলেন, জিপিআইটি এ দেশের সরকারি, পোশাকশিল্প, টেলিযোগাযোগসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সমাধান নিয়ে কাজ করছে। বর্তমানে জিপিআইটি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রযুক্তির যোগাযোগসংক্রান্ত, অবকাঠামোগত, অর্থনৈতিক, ব্যবসায়িক ও মোবাইলকেন্দ্রিক বিভিন্ন প্রযুক্তিগত সেবা প্রদান করছে। জিপিআইটি এ দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য এক হাজার ২০০ উচ্চ শিক্ষিত ব্যক্তিকে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে।মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিপিআইটির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জহরত আদিব চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জিপিআইটির হেড অব ডেভেলপমেন্ট অফিসার নোমান ওয়াসী, চিফ কমার্শিয়াল অফিসার রনি রিয়াদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন রহমান, হেড অব অপারেশনস সোহায়েল রেজা। —মোছাব্বের হোসেন