বিশ্বের তৃতীয় শীর্ষ মোবাইল অপারেটর ভারতী এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতী এয়ারটেল
ভারতী এয়ারটেল

সুনীল মিত্তালের নেতৃত্বাধীন ভারতী এয়ারটেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে। ৩০ কোটি ৩০ লাখ মোবাইল সাবসক্রিপশন বা সংযোগের হিসেবে এই অবস্থানে এসেছে এয়ারটেল। বর্তমানে এশিয়ায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফ্রিকা মহাদেশ মিলিয়ে ২০টি দেশে চালু আছে ভারতী এয়ারটেলের কার্যক্রম। ভারতীয় এয়ারটেলের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে পিটিআই।
ওয়ার্ল্ড সেলুলার ইনফরমেশন সার্ভিসের (ডব্লিউসিআইএস) তথ্য অনুযায়ী, ৩০ কোটি ৩০ লাখ সংযোগের হিসেবে চতুর্থ স্থান থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে ভারতী এয়ারটেল। ২০১২ সালের তথ্য অনুযায়ী, এয়ারটেলের আগের তিনটি অবস্থান ছিল চায়না মোবাইল, ভোডাফোন ও আমেরিকান মোবিলের।
ডব্লিউসিআইএসের তথ্য অনুযায়ী, চায়না মোবাইলের বর্তমান সাবসক্রাইবার বা সংযোগ সংখ্যা ৬২ কোটি ৬২ লাখ ৭০ হাজার। যুক্তরাজ্যের ভোডাফোনের সাবসক্রাইবার ৪০ কোটি ৩০ লাখ ৮০ হাজার। চতুর্থ স্থানটি চায়না ইউনিকমের। তাদের সংযোগ সংখ্যা ২৯ কোটি ৯০ লাখ ৯ হাজার। পঞ্চম স্থানে আছে আমেরিকান মোবিল। তাদের গ্রাহকসংখ্যা ২৭ কোটি ৪১ লাখ ৪০ লাখ।
ভারতী এয়ারটেলের বিবৃতিতে বলা হয়েছে, ১৯৯৫ সালের নভেম্বর মাসে ভারতের নয়া দিল্লিতে যাত্রা শুরুর দুই দশকের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে এয়ারটেল।

এয়ারটেল দাবি করেছে, কম খরচের ব্যবসা মডেলের পথপ্রদর্শক তারা। আউটসোর্সিংভিত্তিক এই মডেলের কারণে দ্রুত তাদের সেবা বেড়েছে এবং গ্রাহকদের সাশ্রয়ী খরচে মোবাইল টেলিফোনি সেবা দেওয়া সম্ভব হয়েছে।
ভারতী এয়ারটেলের চেয়ারম্যান মিত্তাল বলেন, এয়ারটেলের যাত্রায় এটি বড় অর্জন এবং এথেকে আমাদের ব্যবসা মডেল ও ব্র্যান্ডের শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশ্বের ২০টি দেশের গ্রাহকেরা আমাদের ব্র্যান্ডটি পছন্দ করেছেন।
২০টি দেশের ১৮৫ কোটি মানুষকে মোবাইল নেটওয়ার্কের আওতায় এনেছে এয়ারটেল এবং ২০১৪-১৫ অর্থবছরে এক লাখ ২৩ হাজার কোটি মিনিট কল, ৩৩৩ পেটাবাইট ডেটা (এক হাজার টেরাবাইটে এক পেটাবাইট) স্থানান্তরে ব্যবহৃত হয়েছে এয়ারটেল।
ভারতে টুজি, থ্রিজি, ফোরজি, মোবাইল কমার্স, ভ্যালু অ্যাডেড সার্ভিসের মতো বিভিন্ন সেবা দিচ্ছে এয়ারটেল। ১৫ লাখ আউটলেট জুড়ে এর ডিস্ট্রিবিউশন চ্যানেল।
আফ্রিকায় ভারতী এয়ারটেল বৃহত্তম মোবাইল অপারেটর। আফ্রিকার ১৭টি দেশে টুজি, থ্রিজি ও এয়ারটেল মানি সেবা দেয় ভারতী এয়ারটেল।
বাংলাদেশে, দ্রুত বর্ধনশীল মোবাইল অপারেটর এয়ারটেল। এক লাখ ৪৬ হাজার রিটেইলারের ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে এয়ারটেলের।