বিশ্বের প্রথম ভাসমান পর্যবেক্ষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশের গ্রহ ও তারকারাজি নিয়ে গবেষণার লক্ষ্যে বিশ্বের প্রথম ভাসমান পর্যবেক্ষণাগার নির্মাণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহদাকারের একটি বিশেষ দূরবীক্ষণ যন্ত্রের (টেলিস্কোপ) সমন্বয়ে তৈরি এই পর্যবেক্ষণাগার। এটির দূরবীক্ষণ যন্ত্রের ওজন ১৭ টন এবং ব্যাস আট ফুট। এটি স্থাপন করা হয়েছে পরিবর্তিত একটি যাত্রীবাহী বিমানের (বোয়িং ৭৪৭) ওপরে। দূরবীক্ষণ যন্ত্রটির নাম রাখা হয়েছে ‘স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি’ (এসওএফআইএ)। ভাসমান এই পর্যবেক্ষণাগার বা বিশেষ বিমানটি সাত হাজার ৬২৪ মাইল এলাকায় টহলরত অবস্থায় আকাশে টানা ১২ ঘণ্টার বেশি অবস্থান করতে সক্ষম। নাসার ভাষ্য অনুযায়ী, এসওএফআইএ এমন সব তথ্য পাঠাতে সক্ষম, যা স্থল বা মহাকাশের অন্য কোনো পর্যবেক্ষণকারী যন্ত্র বা উপকরণের পক্ষে সম্ভব নয়। এটি এমন একটি ভ্রাম্যমাণ পর্যবেক্ষণাগার, যার সাহায্যে সুপারনোভা (যে তারা হঠাৎ প্রচণ্ড শক্তি ও তীব্র আলোক বিকিরণ করে নিষ্প্রভ হয়ে যায়) ও ধূমকেতুর মতো স্বল্প সময় স্থায়ী মহাকাশের বস্তুও শনাক্ত করা যাবে। দূরবীক্ষণ যন্ত্রটি জার্মান মহাকাশকেন্দ্রের (ডিএলআর) সহায়তায় তৈরি করা হয়েছে। প্রয়োজনমতো সহজেই এটা মেরামত বা এর প্রোগ্রাম পরিবর্তন করা সম্ভব। নাসা বলেছে, পর্যবেক্ষণাগারটি এখন জার্মানিতে রয়েছে এবং ২০১৫ সালে তা চালু করা হবে। আর ২০ বছর কাজ চালাবে এটি। দ্য হিন্দু।