বিশ্বের বৃহত্তম তথ্যভান্ডার তৈরি করছে গুগল

মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় তথ্যভান্ডার তৈরি করছে গুগল। বিশাল এই তথ্য বা জ্ঞানভাণ্ডারে স্বয়ংক্রিয়ভাবে পুরো ওয়েব জগতের তথ্য জমা হবে। এই জ্ঞানভাণ্ডারের বিশ্বের সকল বিষয়ের তথ্য পাওয়া যাবে।
গুগল একে বলছে ‘নলেজ ভল্ট’। এটি এমন একটি জ্ঞানভাণ্ডার হিসেবে সংরক্ষিত থাকবে যেখানে যন্ত্র ও মানুষ একইসঙ্গে পড়ার সুযোগ পাবে।
গুগলের বর্তমানে ‘নলেজ গ্রাফ’ নামে যে জ্ঞানকোষ রয়েছে তার অসংখ্য তথ্য সংগ্রহের জন্য ক্রাউডসোর্সিংয়ের ওপর নির্ভর করতে হয়। এখন পর্যন্ত কেবল মানুষই এ তথ্য যুক্ত করতে পারে। তাই গুগল পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করার পদক্ষেপ নিয়েছে।
বিশেষ একটি অ্যালগরিদমের সাহায্যে ‘নলেজ ভল্ট’ তৈরির কাজ শুরু করেছে গুগল যাতে পুরো ওয়েবে থাকা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে তা থেকে ব্যবহারযোগ্য জ্ঞানভাণ্ডার তৈরি হবে।
গুগলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নলেজ ভল্টে ১৬০ কোটি বিষয়বস্তু সংগৃহীত হয়েছে। এর মধ্যে ২৭ কোটি ১০ লাখ বিষয়বস্তুকে ‘বিশ্বাসযোগ্য বিষয়বস্তু’ হিসেবে নির্ধারণ করেছে। গুগলের মডেল অনুযায়ী, এ বিষয়বস্তুর ৯০ শতাংশ সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এক প্রতিবেদনে ‘নিউ সাইন্টিস্ট’ এ তথ্য জানিয়েছে।
তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের গবেষক টম অস্টিন এ প্রসঙ্গে বলেন, গুগলের মতো তথ্যভান্ডার তৈরিতে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোও এখন প্রতিযোগিতা শুরু করেছে। গুগল ছাড়াও মাইক্রোসফট, ফেসবুক, আমাজন এবং আইবিএম এ ধরনের তথ্যভান্ডার তৈরি করছে। বিশাল তথ্য ঘেঁটে তা কাজের উপযোগী করার এই প্রচেষ্টা এক দশক আগেও অকল্পনীয় ছিল।
গুগলের গবেষক কেভিন মারফি ও তাঁর সহকর্মীরা নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘নলেজ ডিসকভারি অ্যান্ড ডাটা মাইনিং’ সম্মেলনে গুগলের ‘নলেজ ভল্ট’ সম্পর্কে তথ্য উপস্থাপন করবেন।