বিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি-ভীতি ‘নোমোফোবিয়া’
বিশ্বের সবচেয়ে বড় ‘টেক ফোবিয়া’ বা প্রযুক্তি-ভীতি কোনটি? উত্তর হচ্ছে, ‘নোমোফোবিয়া’ বা ‘নো মোবাইল ফোন ফোবিয়া’। অর্থাত্ মোবাইল ছাড়া থাকার ভীতি। সম্প্রতি যুক্তরাজ্যে চালানো একটি জরিপে ৬৬ শতাংশ মানুষ এই ফোবিয়ার পক্ষে তাদের মত দিয়েছেন; অর্থাত্ তারা নোমোফোবিয়ায় ভুগছে।নোমোফোবিয়া বা ‘নো মোবাইল ফোন ফোবিয়া’ বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই যুক্তরাজ্যে গবেষণা চলছে। ২০০৮ সালে চালানো একটি জরিপের ফলের তুলনায় সাম্প্রতিক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যে নোমোফোবিয়া বেড়েছে। ২০০৮ সালের জরিপে ৫৩ শতাংশ মানুষ নোমোফোবিয়ায় ভোগার পক্ষে যায় এমন মত দিয়েছিল। এক খবরে পিটিআই জানিয়েছে, সাম্প্রতিক জরিপটি প্রায় এক হাজার লোকের মধ্যে চালানো হয়েছিল। এবারে ৬৬ শতাংশ মানুষ মোবাইল ছাড়া থাকার ভয়ে ভীত বলেই মত দিয়েছে।জরিপে দেখা গেছে, যাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে, তাদেরই মোবাইল ফোন ব্যবহারের আসক্তি বেশি। জরিপে ৭৭ শতাংশ মত দিয়েছে এ বলে, তারা মোবাইল ছাড়া কয়েক মিনিটের বেশি সময় পার করতে পারে না। জরিপে ২৫ থেকে ২৪ বছর বয়সীরা ৬৮ শতাংশ মোবাইল ছাড়া কয়েক মিনিট পার করতে পারে না বলেই মত দিয়েছে। জরিপে দেখা গেছে, এক দিনে গড়ে একজন মানুষ ৩৪ বার মোবাইল ফোন ব্যবহার করে। জরিপে শতকরা ৭৫ শতাংশ মানুষ বাথরুমে মোবাইল ব্যবহার করে বলেও মত দিয়েছে। মোবাইল ফোন সংবাদপত্রের সমকক্ষ বলেও অধিকাংশ ব্যবহারকারীই তাদের মন্তব্যে জানিয়েছে।